পৃথক স্থানে এইচএসসি পরীক্ষার্থী ও শ্রমিক নিহত

জামালপুর ও মাদারীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী ও মাদারীপুরে বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুনীল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হাজরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামের ছফর আলীর ছেলে। তিনি শেখ কামাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর পরীক্ষার কেন্দ্র ছিল হাজরাবাড়ী সিরাজুল ইসলাম কলেজ। পরীক্ষাকেন্দ্রের সামনেই অটোরিকশার ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুনীল আজ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন। টুপকারচর গ্রাম থেকে তিনি ইজিবাইকে করে কেন্দ্রে আসছিলেন। তাঁকে বহনকারী ইজিবাইকটি হাজরাবাড়ী-ঝাউগড়া সড়কের হাজরাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে সুনীল ছিটকে সড়কে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহজারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন পরীক্ষার্থী অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। তিনি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, অটোরিকশাটিকে আটক করা যায়নি। নিহত পরীক্ষার্থীর পরিবার থেকেও এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরে বাসের ধাক্কায় আলী চোকদার (৬০) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী চোকদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মোকসেদ চোকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনশ্রমিক আলী রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় তাঁর পেছন দিক থেকে যাত্রীবিহীন একটি লোকাল বাস তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আলীকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু নাঈম প্রথম আলোকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।