পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীসহ নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে গতকাল রোববার যাত্রীবাহী বাস খাদে পড়ে স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এতে আরও ৩০ যাত্রী আহত হন।
একই দিন নীলফামারীর পলাশবাড়ী এলাকায় নীলফামারী-ডোমার সড়কে ট্রাক্টর একটি অটোরিকশাকে চাপা দিলে মেঘনা বেগম (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। এতে মেঘনার পরিবারের চার সদস্য ও চালক আহত হন।
বীরগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে বীরগঞ্জ সদর হয়ে চিশতিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যাচ্ছিল। সকাল নয়টার দিকে বাসটি বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের গোপালপুর নাসিম চৌধুরী খামারবাড়ি এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুজালপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জয়দেব দাশের মেয়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সোমা রানী দাস (১৬) ও কাহারোল উপজেলার জয়নন্দ ইউনিয়নের কোনপাড়া সৈয়দপুর গ্রামের আনন্দ রায়ের স্ত্রী মানতা রানী রায় (৬৫) নিহত হন।
দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে দিলরাজ বেগম, শাওন আলী, আবদুর রশিদ, বেলাল হোসেন ও বীনা রানীকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা চলছে।
নীলফামারী সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে স্কুলছাত্রী মেঘনা তার পরিবারের সদস্যদের সঙ্গে পলাশবাড়ী গ্রামের ফুপুর বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে খোকসাবাড়ী ইউনিয়নের শিংগিমারী গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় পলাশবাড়ী এলাকায় নীলফামারী-ডোমার সড়কে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রলি অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মেঘনা মারা যায়। এতে মেঘনার চাচাতো ভাই রাকিব (৮), দাদি ময়না বেগম (৬০), দাদা ফজর আলী (৭৫), মা সুমি আক্তার (৩৫) ও অটোরিকশাচালক আবুল কালাম আজাদ (৪০) আহত হন। মেঘনা স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ছাত্রী বলে জানা গেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।