পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৪২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চার বিদেশিসহ কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নগরের বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে পোশাকশ্রমিক বহনকারী বাসের সঙ্গে মাইক্রোবাস ও রাইডারের (ছোট বাস) ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হন। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন জানান, শুক্রবার সকালে বন্দর এলাকায় বৃষ্টি হচ্ছিল। পোশাকশ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাইডারের সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা একটি মাইক্রোবাসেও ধাক্কা লাগে। ত্রিমুখী এ সংঘর্ষে মাইক্রোবাসে থাকা চার বিদেশিসহ অন্তত ২৫ জন আহত হন। চার বিদেশি পোশাক কারখানার ক্রেতা বলে জানা গেছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা মাজার এলাকায় ঢাকামুখী একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নিজামুল ফাহামি প্রথম আলোকে জানান, শ্যামলী পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। বাসটিতে ১৭ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাই কমবেশি আহত হয়েছেন।
পুলিশ জানায়, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস, কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।