পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত ও একজন আহত হয়েছেন। একই দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বাসচাপায় এক ভ্যানচালক ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওয়ার টিলারের চাপায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠনো খবর:
গাইবান্ধা: সুন্দরগঞ্জ থানার পুলিশ ও নিহতদের পরিবারের লোকজন জানান, গতকাল সকাল আটটার দিকে রাজেনা বেগম (৩০), নাজমা বেগম (২২) ও রুজিনা বেগম (২৮) ধোপাডাঙ্গা ইউনিয়নের থেলথেলির বাজার এলাকায় বাড়িসংলগ্ন সড়কের পাশে বসে গল্প করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজেনা ও নাজমা মারা যান। রুজিনা গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ভ্যানটি পুড়িয়ে দেন। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, কেয়া ও তুহিন পরিবহনের দুটি বাস গতকাল দুপুরে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। পথে কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এনডিপি কার্যালয়ের কাছে কেয়া পরিবহনের বাসটি অন্যটিকে অতিক্রম করতে গেলে দুটি বাসের সংঘর্ষ হয়। এ সময় একটি বাস সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে অজ্ঞাতনামা ওই ভ্যানচালক (৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুটি বাসের ২০ যাত্রী আহত হন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলার খটশিঙ্গা গ্রামের নুরুল ইসলাম (৪৩) মোটরসাইকেলযোগে পূর্ণিয়া সড়ক দিয়ে গতকাল সকালে খটশিঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। সোয়া নয়টার দিকে ওই বাজারের দক্ষিণে আখ ক্রয় কেন্দ্রের কাছে পেছন থেকে আসা একটি পাওয়ার টিলার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল মারা যান।