পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪
কুষ্টিয়া ও রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এর মধ্যে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ট্রাকচাপায় নারীসহ ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নারী নিহত ও শিক্ষিকাসহ দুজন আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়া শহরের দিকে আসছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকের নিচে একটি ইজিবাইক চাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি সরানোর পর নিচে দুজনের লাশ পাওয়া যায়। এ ছাড়া গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালক আহত হয়েছেন। তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন সদর উপজেলার গোপালপুর গ্রামের রবিউল ইসলাম (৩৮), মাজপাড়া গ্রামের ছন্দা খাতুন (২৫) ও জিয়ারাখি গ্রামের ফজলুর রহমান (৪০)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী প্রথম আলোর কাছে দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বেলা তিনটার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামে গ্রামীণ ব্যাংকের সামনে যাত্রীবাহী ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় বালুবোঝাই ট্রলি পেছন থেকে যাত্রীদের ধাক্কা দেয়। এতে স্থানীয় পাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিয়া আক্তার (৩০), তেঘোড় গ্রামের মিজানুর রহমান (৩৩) ও অজ্ঞাতনামা এক নারী (৬০) গুরুতর আহত হন। তাঁদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যার পর অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, অটোভ্যানচালক ও ট্রলিচালককে আটক করা হয়েছে।