পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পিকআপের চাপায় জিহাদ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলামোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বর্ষা খাতুন (৮) নামের আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়। গতকাল সকাল সোয়া ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কের রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের দুর্ঘটনার প্রত্যক্ষ-দর্শীদের সূত্রে জানা গেছে, জিহাদ (৮) রাজৈর উপজেলার নয়াকান্দি এলাকার সামাদ সরদারের ছেলে। সে স্থানীয় সূচনা বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গতকাল সকাল সাতটার দিকে সাধুরব্রিজ এলাকায় রাস্তা পার হয়ে সে স্কুলে যাচ্ছিল। এ সময় বরিশালগামী পিকআপ ভ্যানটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।
এদিকে শরীয়তপুরে নিহত শিশু বর্ষা গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের দিনমজুর মিরাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
ধলা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সকালে বর্ষা খাতুন বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বর্ষা গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেলের চালক নিজেই স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাস-পাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে তিনটার দিকে বর্ষা মারা যায়।