পৃথক সড়ক দুর্ঘটনায় নববধূসহ নিহত ৫
বরিশালে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ছাড়া জেলার আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন এবং বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক টেম্পোচালক নিহত হয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কের খান সড়কের সামনে নতুন গতিরোধকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন নববধূ মেরিনা আক্তার (২৬)। মেরিনা আক্তার নগরের নর্দার্ন কিন্ডারগার্টেনের শিক্ষক এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের বাসিন্দা গোলাম রহমান খানের মেয়ে। গত ৪ মার্চ নগরের ঝাউতলার কাজী পনিরউদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
কাজী পনিরউদ্দিনের বড় ভাই কাজী বশিরউদ্দিন জানান, মঙ্গলবার রাতে পনিরউদ্দিন তাঁর স্ত্রী মেরিনা আক্তারকে নিয়ে মোটরসাইকেলে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসার দিঘি এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে গতিরোধকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
মেরিনা আক্তারের ভাই বিপ্লব খান জানান, গত মাসে বিয়ে হলেও এখন পর্যন্ত মেরিনাকে তুলে দেওয়া হয়নি। পয়লা বৈশাখ তাঁকে তুলে নেওয়ার কথা ছিল।
গৌরনদী (বরিশাল): আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার বাকাল গ্রামের আজাহার আলী খানের ছেলে খোকন খান (২৫) ও ছত্তার হাওলাদারের ছেলে রফিক হাওলাদার (২৪) গতকাল বুধবার মোটরসাইকেলে আগৈলঝাড়া আসছিলেন। দুপুর সাড়ে ১২টায় আগৈলঝাড়া-বাকাল সড়কের বাকাল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, জামাতা খোকন খানকে হাসপাতালে দেখতে আসেন তাঁর শাশুড়ি আলোমতি বেগম। আলোমতি বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বিকেল পাঁচটায় মোটরসাইকেলের চাপায় মারা যান।
অপরদিকে একই দিন পূর্ব মণ্ডপাশা গ্রামের বাসিন্দা ও একটি ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা মো. আজিজ হাওলাদার (৬০) বাড়ি থেকে উজিরপুর যাওয়ার পথে বিকেল সাড়ে চারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে মালামাল নিয়ে হাপানিয়া গ্রামে যাওয়ার পথে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সদর উপজেলার আলোকদিয়া বাজারে একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক আলমসাধুর চালক। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি দামুড়হুদা উপজেলার দলিয়ারপুরে বাস করতেন।
বাগেরহাট: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাকদীর ফকির (২০) নামের এক টেম্পোচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট-খুলনা সড়কে সদর উপজেলার বারাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাকদীর ফকির বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে।