পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার নারীসহ দুজন মারা গেছেন। তাঁরা হলেন রোকাসানা আক্তার (২৩) ও মিনিবাসচালকের সহকারী রফিকুল ইসলাম (১৮)। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা সেতু পার হচ্ছিলেন পোশাক কারখানার শ্রমিক সজল ও রোকসানা আক্তার। দ্রুত ধাবমান একটি সিএনচালিত অটোরিকশা দুজনকে সজোরে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার পুলিশ চালক ইবাদত হোসেনসহ বাসটি আটক করে থানায় নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন সজলের জ্ঞান ফিরে আসার পর তিনি সংবাদিকদের বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। রোকসানা তাঁর পূর্বপরিচিত জানিয়ে আবার জ্ঞান হারান। ওই দিন দুপুরে মিরপুর বেড়িবাঁধে একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মুহূর্তে বাসের চালক ব্রেক চাপলে বাসটি উল্টে যায়। বাসের ফটকে থাকা চালকের সহকারী রফিকুল ইসলাম ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপরই চালক পালিয়ে যান। পরে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ আটক করে।