পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাড়ির চালক আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মোস্তফা ভেজিটেবল অয়েল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবুল দাশ (৫৬)। তিনি ভাটিয়ারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় আহত চালকের নাম মিনহাজ উদ্দিন (৫০)।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামগামী একটি তেলবাহী লরি সড়কের কাজে নিয়োজিত থেমে থাকা সওজ পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবুল দাশকে চাপা দেয় তেলের লরিটি। এতে ঘটনাস্থলে নিহত হন বাবুল দাশ। আহত হন সওজের গাড়িচালক মিনহাজ উদ্দিন। পরে আহত মিনহাজকে ভাটিয়ারির বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই জানান, এ ঘটনায় নিহত বাবুল দাশের ভাই সাধন দাশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন।

এদিকে ফরিদপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন বিক্রয় প্রতিনিধি জহিরুল ইসলাম ওরফে রানা (৩৯)। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা এলাকায় তালমা-নগরকান্দা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার হালিম মণ্ডলের ছেলে। তিনি এসিআই কোম্পানির সাধারণ শাখার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নগরকান্দায় কোম্পানির কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফরিদপুর শহরে যাচ্ছিলেন জহিরুল ইসলাম। পথে শশা এলাকায় নগরকান্দাগামী একটি ট্রাক জহিরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম বলেন, নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।