পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মনতাজ আলী (৭৫)। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা। নিহত শিশুটির নাম আবির আলী (৩)। সে শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকার আকতারুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল আখতার জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে রাস্তার পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মনতাজ আলী নিহত হন। ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি।
অপর দিকে আজ দুপুরে সদর উপজেলার যাদুপুর গ্রামে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় নছিমনের ধাক্কায় শিশু আবির আলী নিহত হয়।
সদর উপজেলার যাদুপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাইনুল ইসলাম জানান, মা-বাবার সঙ্গে আবির আলী সদর উপজেলার যাদুপুর গ্রামে নানা নাইমুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় নছিমনের ধাক্কায় আবির আলী নিহত হয়।