পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে আজ রোববার একটি ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে ঝিনাইদহ শহরের পবহাটী (কলারহাট) এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লবণবোঝাই একটি ট্রাক দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের কালিহাতী উপজেলার হতেয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
ঝিনাইদহ : দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পবহাটী (কলারহাট) এলাকায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।