পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী লাবেলা রিসোর্ট-সংলগ্ন এলাকায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন।

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার ইনানীতে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে ইনানী লাবেলা রিসোর্ট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে জিয়া উদ্দিন (২৭) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি উখিয়ার মনখালী এলাকায়। তাঁর বাবার নাম ছিদ্দিক আহমদ। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত অন্য দুজনের একজন নারী। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে যাচ্ছিল একটি মোটরসাইকেল। দ্রুতগতিতে মোটরসাইকেলটি পাশ কাটতে গেলে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী দেয়ালে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে ঘটনাস্থলে রয়েছে। এ দুর্ঘটনার মূল কারণ উদ্‌ঘাটনে খোঁজখবর নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে মাওলানা মোহাম্মদ বেলাল (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে আহসান সাইফি (২২)। সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মোহাম্মদ বেলাল মোটরসাইকেলে তাঁর ছেলে আহসান সাইফিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের চকরিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সাতকানিয়ার শিশুতল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। আহত সাইফিকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. রুহুল আমিন প্রথম আলোকে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।