পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
গাজীপুরের কালিয়াকৈর, রাজশাহীর গোদাগাড়ী ও চট্টগ্রামের পটিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার দুজন করে মোট ছয়জন নিহত হয়েছে।
রাজশাহী: রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকায় ট্রাকের সঙ্গে প্রথম আলো পত্রিকাবাহী গাড়ির সংঘর্ষ হয়। এতে পত্রিকাবাহী গাড়ির চালক শহীদুল ইসলাম (৩০) ও লাইনম্যান ফরহাদ হোসেন (৩২) নিহত হন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ট্রাক ও পত্রিকার গাড়ি দুটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ধীরগতিতে যাচ্ছিল, পেছনে ছিল পত্রিকার গাড়ি। পত্রিকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে আটকে যায়। এতে পত্রিকার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। লাইনম্যানকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী প্রথম আলোকে বলেন, পত্রিকাবাহী গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর: প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল আটটার দিকে একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী একটি টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোর দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার ধামরাই উপজেলার ধানতারা এলাকার জয়নাল আবেদিন (৩৫) ও একই এলাকার ওয়াহেদ আলী (২৮)। তাঁরা দুজন সবজি ব্যবসায়ী ছিলেন।
কোনাবাড়ি মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. আলমগীর সিদ্দিক জানান, টেম্পোটি সাতজন যাত্রী নিয়ে চন্দ্রা যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সেটি উল্টে যায়। টেম্পোটিকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রীরা সবাই আহত হয়। মুমূর্ষু অবস্থায় চারজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান।
পটিয়া (চট্টগ্রাম): প্রথম আলোর পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শ্রীমাই সেতু এলাকায় আজ সকাল সাতটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের তৈয়ব আলী (৪৫) ও একই গ্রামের মুন্সি মিয়া (৪০)। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নিহত দুজন পটিয়া শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কাটার কাজ করার জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।