পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা অটোরিকশা চালক (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে শুক্রবার বিকেল চারটার দিকে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় হাছন আলী (৭০) গুরুতর আহত হন। তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার চুন্টা গ্রামে। শুক্রবার সকালে একই মহাসড়কের দর্জিপাড়ায় ট্রাক চাপায় নেহেরা বেগম (৬০) নামে এ বৃদ্ধা নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার সৈয়দটুলা গ্রামে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার শ্যামগ্রাম-মানিকনগর সড়কে গতকাল দুপুর আড়াইটার দিকে একটি বালুবাহী ছোট ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তি নিহত হন। এতে মোটরসাইকেলের চালক বিল্লাল মিয়া (৩০) আহত হয়েছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রাজাপুর নামক স্থানে গতকাল বেলা ১১ টার দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কারের যাত্রী আঞ্জব আলী (৬২) নিহত হন। তিনি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই গাড়ির চালক হোসেন মিয়া (২২) মারা যান। তাঁর বাড়ি একই উপজেলার বৌলাশী গ্রামে।