পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিতে থাকা চার গরু ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন। ভেলুরপাড়া রেলস্টেশনের কাছে একটি ক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় আওয়ামী লীগের নেতা, নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী এবং গত বুধবার গোদাগাড়ীতে ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সোনাতলা উপজেলার ভেলুরপাড়ায় রেলক্রসিংয়ে গতকাল বিকেল সাড়ে তিনটায় ট্রেনের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত গরুবোঝাই ভটভটির সংঘর্ষে নায়েব আলী (৪৫), সারোয়ার হোসেন (৪২), আলমগীর হোসেন (৪০) ও আবু তাহের (৪৫) নিহত হন। আহত ব্যক্তিরা হলেন দুলু শেখ (৫০) ও আবদুর রাজ্জাক (৪০)। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভটভটিতে করে গরু-ছাগল নিয়ে ওই ব্যক্তিরা সোনাতলা থেকে পাশের সৈয়দ আহম্মেদ কলেজ হাটে বিক্রি উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভেলুরপাড়া রেলস্টেশনের কাছে উত্তর গেট পার হওয়ার সময় সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ভটভটিটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে। ভটভটিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে সারোয়ার মারা যান।
রাজশাহী: গোদাগাড়ীতে ট্রাকচাপায় নিহত মাদ্রাসাশিক্ষকের নাম ইয়াসিন আলী (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সরমঙলা হেলিপ্যাড এলাকায়। তিনি উপজেলার বাউটিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় ওই শিক্ষক রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ: সলঙ্গায় বাসচাপায় নিহত আওয়ামী লীগের নেতার নাম আবদুর রহমান (৫০)। তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল বিকেল পাঁচটার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ছেলে জুয়েল আহমেঞ্চদ জানান, মোটরসাইকেলে করে যাওয়ার পথে ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস তাঁর বাবাকে চাপা দিয়ে চলে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।
আদমদীঘি (বগুড়া): পত্নীতলা উপজেলার নজিপুর-নওগাঁ সড়কের পুইয়ায় গতকাল দুপুরে ট্রাকচাপায় ভুলু মিয়া (৩২) নামের ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় মামুনুর রশিদ (২৯) নামের অপর এক আরোহী আহত হয়েছেন। ভুলু রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাড়ীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভুলু মিয়া ও মামুনুর রশিদ দুই বন্ধু। তাঁরা মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি থেকে নজিপুর আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।