পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
পটুয়াখালী, ফরিদপুর, ঝিনাইদহ ও যশোরে গত তিন দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের একজন বাসচালক, একজন ট্রাকচালক, দুজন নছিমনচালক ও একজন মাহেন্দ্রযাত্রী।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
পটুয়াখালী: গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটে বাসচাপায় দেলোয়ার হোসেন (৫০) নামের একজন বাসচালক নিহত হয়েছেন। ফয়সাল পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী ফেরিতে উঠতে গিয়ে ব্যর্থ হন চালক দেলোয়ার। পরে তিনি বাস থেকে নেমে ফেরিঘাট-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে তাঁর সহকারী বাসটি চালিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। এ সময় একটি তেল ট্যাংকারকে ধাক্কা দেন। এতে দেলোয়ার বাস ও তেলের ট্যাংকারের মাঝখানে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়। তাঁর বাড়ি বরিশালের সাগরদি এলাকায়।
ফরিদপুর: একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে সদর উপজেলার মতিয়ারের কুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. বছরুদ্দি মোল্লা (৬০)। বাড়ি সদরপুর উপজেলার ছনপচা গ্রামে।
ঝিনাইদহ: শৈলকুপা ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নছিমনচালক নিহত হয়েছেন। তাঁরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামের আল আমিন (২৮) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের আবদুল খালেক (৩২)। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার বরুড়িয়া বটতলায় ও বেলা দুইটার দিকে মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, আল আমিন ইঞ্জিনচালিত নছিমন নিয়ে বুধবার সকালে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। এ সময় কাতলাগাড়ি বরুড়িয়া বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে নছিমনটি তাঁর ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খালেক বুধবার দুপুরে জীবননগরের হাসাদাহ থেকে নছিমনে নিজ বাড়ি বকুন্ডিয়ায় যাচ্ছিলেন। পথে মহেশপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে খালেক গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অভয়নগর (যশোর): উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় বিকেলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক দুলাল শেখ (৫২) নিহত হয়েছেন। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুলাল গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। দুলাল শেখের বাড়ি উপজেলার নওয়াপাড়া গ্রামের মহাশ্মশান এলাকায়।