পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় গতকাল শনিবার মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। একই দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার এলাকায় ট্রাকচাপায় এক যুবক প্রাণ হারান। আগের দিন শুক্রবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুর : গতকাল বেলা তিনটার দিকে জয়রামপুর এলাকার আম্বিয়া বেগম (৫০) নামের এক নারী একই এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আম্বিয়ার মৃত্যু হয়। স্থানীয় শরিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাজীগঞ্জ (চাঁদপুর): প্রত্যক্ষদর্শী বাবুল জানান, ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সাইকেল আরোহী কান্তি নম দাস (২২) নামের এক ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফরিদগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি রামগঞ্জ উপজেলার শেফালীপাড়ায়।
কেন্দুয়া (নেত্রকোনা): গত শুক্রবার দুপুরে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনার সড়কের রামপুর-দুর্গাশ্রম এলাকায় একটি মালবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মদিনা আক্তার (৩৫) ও তাঁর ছেলে শুভ (১২) প্রাণ হারান। তাঁদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খিসমতবারেঙ্গায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরচালক মোখলেছ মিয়াকে (১৮) আটক করেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড়াইল গ্রামের মতিউর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক মামলা না হওয়ায় মোখলেছকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার নেত্রকোনার বিচারিক হাকিম আদালত-৩ এ পাঠানো হয়। আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মোখলেছের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।