পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহত
ফেনী ও কক্সবাজারের চকরিয়ায় আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁরা হলেন: এহছানুল হক বদরী (৫০) ও জমিলুর রহমান (১৩)।
এহছানুল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জয়নাল আবদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। আর জমিলুর ফেনীর ফুলগাজী উপজেলার ফতেপুর গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
চকরিয়া থানার পুলিশ জানায়, এহছানুল হকের গ্রামের বাড়ি চকরিয়ার বদরখালীতে। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি গ্রামের বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। অটোরিকশাটি উপজেলার লাল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এহছানুল হকসহ ছয় জন আহত হন। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এহছানুলকে মৃত ঘোষণা করেন। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পিকআপভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে এহছানুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ দুপুর ১২টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার ফতেহপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী জমিলুর নিহত হয়।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সঙ্গে জমিলুর ফতেহপুর এলাকায় থাকেন। মাদ্রাসায় তার বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে আজ দুপুর ১২টার দিকে সে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহম্মদ জানান, মোটরসাইকেল আরোহী স্থানীয় এক যুবক। ঘটনায় তিনিও আহত হয়েছেন। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। অন্যদিকে জমিলুরের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।