পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহত
গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এদিকে ঢাকার ধামরাইয়ের কালামপুরে গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের একটি পিকনিক স্পটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় রতন চক্রবর্তী (৪৫) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন বলেন, রতন চক্রবর্তী নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার মাঘান উচ্চবিদ্যালয়ের গণিতের জ্যেষ্ঠ শিক্ষক। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে জেএসসি পরীক্ষার খাতা নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন। পুষ্পদাম পিকনিক স্পটের সামনে বাসটি যাত্রাবিরতি করে। এ সময় রতন চক্রবর্তী প্রকৃতির ডাকে সাড়া দিতে মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।এদিকে ধামরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধামরাইয়ের কালামপুরের আমাতননেছা বালিকা উচ্চবিদ্যালয় ও ভালুম আতাউর রহমান খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ধামরাইয়ের রোয়াইল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াংকা সরকার, জাকির হোসেন, শীপ্রা সূত্রধর, ফাহিমা আক্তার ও প্রসেঞ্জিত সূত্রধর এবং সফিক নামের এক অভিভাবক সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সাটুরিয়া-কালামপুর সড়কে কালামপুর বাজার থেকে ১০০ গজ যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব আরোহী আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা প্রিয়াংকাকে মৃত ঘোষণা করেন। অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।