পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নাটোরে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। সদর উপজেলার চাঁনপুর গোরস্থান এবং লালমনিপুর এলাকায় সকালের দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীন আলীর ভাষ্য, সকাল আটটার দিকে প্রাণ এগ্রো কারখানার কাজে যাচ্ছিলেন নারী নিরাপত্তাকর্মী ছাবিনা বেগম (৪৭)। সদর উপজেলার চাঁনপুর গোরস্থান এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় বরিশালগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ছাবিনার বাড়ি চাঁনপুর গোরস্থান এলাকায়। খবর পেয়ে এক ঘণ্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন প্রাণ কারখানার শ্রমিকেরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বাস চালকের শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, শহরতলির দত্তপাড়া-ধরাইল আঞ্চলিক সড়কের লালমনিপুর এলাকায় ট্রাক্টরের চাপায় আরাফাত হোসেন নামে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি লালমনিপুর এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর চাপা দিলে আরাফাত গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।