পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা ও সদর উপজেলার সিকদার মল্লিক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুজন হলেন নাজমুল শেখ (২০) ও মিতু আক্তার (৩)। মিতু আক্তার পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা মহল্লার সুমন শেখের মেয়ে। নাজমুল শেখ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চরখালী গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বাসার সামনে পিরোজপুর বাইপাস সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরের ইঞ্জিনচালিত একটি ট্রলি গাড়ি মিতু আক্তারকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকালে নাজমুল শেখ নাজিরপুর থেকে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক এলাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন। সকাল ১০টার দিকে সিকদার মল্লিক এলাকার গণকপাড়া সড়কের মাথায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে একই বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক আহমেদ বলেন, মিতু ও নাজমুল শেখ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।