পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালকসহ দুজন নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া নেত্রকোনার মদন উপজেলায় বাঁশবোঝাই লরি দুর্ঘটনায় দুজন বাঁশ ব্যবসায়ী নিহত হন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলায় গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপুর এলাকায় মাছবোঝাই টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই টেম্পোচালকসহ দুজন নিহত হন। অপর তিনজন আহত হন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের টেম্পোচালক লাল চান বাদশা (৩২) ও মাছ ব্যবসায়ী লক্ষ্মণ রাজবংশী (৩৫)।গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. কাদের প্রথম আলোকে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরপাশা স্ট্যান্ডে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস একজন সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অটোরিকশাটিকে চাপা দিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে দুজনের লাশ ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ গতকাল রাত পৌনে আটটার দিকে জানান, নিহত অটোরিকশাচালকের নাম আবদুল খালেক (২৬)। বাড়ি বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে। নিহত অপর ব্যক্তি হলেন একই উপজেলার হাজিপুর গ্রামের নাসির মিয়া (৩২)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নেত্রকোনা: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মদন উপজেলায় গতকাল ভোরে বাঁশবোঝাই একটি লরি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে খাদে পড়ে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়ে দুজন নিহত হন। তাঁরা হলেন, সদর উপজেলার আধপুর গ্রামের সাহেব আলী (৩৫) ও আবদুল লতিফ (৩৪)। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, আটপাড়া উপজেলার তেলিগাতি বাজার থেকে বাঁশ নিয়ে লরিটি মদনের দিকে আসছিল। লাশ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।