পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও কলেজছাত্র নিহত
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে ট্রাকচাপায় এক সেনাসদস্য এবং ফরিদপুরে মোটরসাইকেলচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকচাপায় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য জহিরুল ইসলাম (৩০) নিহত হন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, নিহত সেনাসদস্য মোটরসাইকেলে নিজ বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সল্লায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সেনাসদস্য জহিরুলের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল আজিজ মণ্ডল। পুলিশ ট্রাকটি আটক করেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলচাপায় রহমত খান (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আলফাডাঙ্গা-কাশিয়ানী আঞ্চলিক সড়কে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামের দাউদ আলী খানের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, নিহত রহমত খান বাইসাইকেলে করে মাঠে কৃষকদের খাবার নিয়ে যাচ্ছিলেন। আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কে উপজেলার শুকুরহাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর বেলা ১১টার দিকে চিকিৎসক রহমতকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলচালক একই ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা শহীদ মুন্সি ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তার বলেন, নিহত কলেজছাত্রের মামা সলেমান মুন্সি বাদী হয়ে মোটরসাইকেলচালকের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।