পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া একজন গুরুতর আহত হয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কের কুমড়াখালী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পাশ কাটানোর সময় অন্য একটি বাসের চালকের সহকারী বেলাল হোসেন (২০) মাথায় গুরুতর চোট পান। এতে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেলালের বাড়ি বরগুনা সদরের শিংড়াবুনিয়া গ্রামে।

এদিকে আমতলী থানার ওসি মো. শহিদুল্লা বলেন, আমতলী-পটুয়াখালী মহাসড়কে উষশিতলা নামক স্থানে সোমবার রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় এর চালক মো. বাদল (৩০) নিহত হন। মোটরসাইকেলের আরোহী চান মিয়া গুরুতর আহত হন। তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলের চালক বাদল আঙ্গুলকাটা গ্রামের আরোহী চান মিয়াকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের সামনের চাকা ফেটে গিয়ে রাস্তার পাশে কাঠবোঝাই একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।

এদিকে সোমবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মোকবুলের দোকান নামক এলাকায় মাইক্রোবাসের চাপায় পিয়াস মোল্যা (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে উপজেলার নবুওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও স্থানীয় মোশাররফ হোসেন ওরফে মোসা মোল্যার ছেলে।

সোমবার সকাল নয়টার দিকে পিয়াস তার মায়ের হাত ধরে মোকবুলের দোকান এলাকায় আসে। একপর্যায়ে সে মায়ের হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি ইমদাদুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি জব্দ করা সম্ভব হয়নি।