পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থীসহ নিহত ৪
নওগাঁ, পাবনা ও রাজশাহীতে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী ও একজন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: সকাল নয়টার দিকে ধামইরহাট উপজেলার জয়পুরহাট-ধামইরহাট সড়কে ট্রাকের চাপায় ইয়াছির আরাফাত (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়। আরাফাত পৌরসভার ফার্শিপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে। সে স্থানীয় চকময়রাম মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, আরাফাত সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে চকময়রাম বিদ্যালয়ের কাছে জয়পুরহাট থেকে আসা দুটি ট্রাক পরপর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক দুটিকে রেখে চালক ও তাঁদের সহযোগীরা পালিয়ে যান। পরে উত্তেজিত জনতা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া প্রায় চার ঘণ্টা জয়পুরহাট-ধামইরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পাবনা: চাটমোহর উপজেলার নেউতিগাছা গ্রামের চাটমোহর-পাবনা সড়কে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় সায়মা খাতুন (৫) নামের এক ছাত্রী নিহত হয়। তার বাবার নাম সাহেব আলী। সে স্থানীয় নেউতিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। সায়মা সকাল ১০টার স্কুলে যাচ্ছিল। সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে যায়। তখন সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী: পুঠিয়া উপজেলায় ইটভাটার ট্রলির চাপায় এক স্কুলছাত্র ও পবায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম রাকিব মার্ডি (১৪)। সে উপজেলার ধোকড়াকুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম রবি মার্ডি। বাড়ি উপজেলার আটভাগ গ্রামে।
পবায় নিহত মোটরসাইকেলচালকের নাম রাজন শেখ (২২)। তাঁর বাড়ি বাগমারা উপজেলার মোহনগঞ্জ এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী জীবন হোসেনকে (১৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ট্রাকচালক মনিরুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে। তাঁর ট্রাকটি জব্দ করা হয়েছে।