পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার পাঁচজন নিহত হয়েছেন। আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট

জেলা শহরের শিবপুর মোড়ে বাগেরহাট-পিরোজপুর সড়কে সকাল সোয়া সাতটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে এক ব্যক্তি নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে তাত্ক্ষণিকভাবে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৩৮)। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে ইলিয়াস পেশায় বাসচালক। ভোরে তিনি নিজ বাড়ি থেকে পিরোজপুরের মহিষপুরা বাসস্ট্যান্ডে কর্মস্থলে যাওয়ার জন্য দিগন্ত পরিবহনের বাসে উঠেছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।


চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভুলটিয়ায় পাওয়ারট্রলি উল্টে চালক ও এক গরু ব্যবসায়ী নিহত হন। এ ছাড়া আহত হন অপর তিন গরু ব্যবসায়ী। বেলা দুইটার দিকে গরু ও মহাজনভর্তি পাওয়ারট্রলি চুয়াডাঙ্গা থেকে বদরগঞ্জ হাটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর গ্রামের ট্রলিচালক নাজিম উদ্দিন (৪০) ও একই গ্রামের গরু ব্যাপারী জিয়াউর রহমান (৪৫)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের তেঁতুল আহমেদ (৩৮), রফিকুল ইসলাম (৩৫) ও আবদুর রহিম (৩২)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।


যশোর
শার্শা উপজেলার নাভারন এলাকায় ট্রেনের ধাক্কায় দুপুর ১২টার দিকে জাবেদা খাতুন (৯০) নামের এক বৃদ্ধা নিহত হন। তিনি নাভারন রেলওয়ে বস্তির বাসিন্দা ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে খুলনার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা প্রথম আলোকে বলেন, জোবেদার লাশ এখনো তাঁদের কাছে পৌঁছায়নি। তিনি বলেন, বেনাপোলগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আহত হন তিন। চিকিত্সাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


টাঙ্গাইল

জেলার বাসাইল-সখিপুর সড়কের বাসুলিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক রোলারচালক রোলারের নিচে চাপা পড়ে নিহত হন। আজ সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোলার চালকের নাম জ্ঞানেন্দ্র নাথ সূত্রধর। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার বরাটি গ্রামে ।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, সকাল আটটার দিকে টাঙ্গাইল এলজিইডির রোলার চালক বাসুলিয়া রাস্তায় রোলার নিয়ে মেরামত কাজ করতে যায়। এ সময় রোলারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। চালক রোলারের নিচে চাপা পড়েন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।