পৃথক ১০ মামলায় মাহফুজুর রহমানের জামিন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে করা পৃথক ১০টি মামলায় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাচাল’ বলে মন্তব্য করেন—এমন অভিযোগে বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে ১০টি মানহানির মামলা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে তিনটি এবং কক্সবাজার, দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও পিরোজপুরে একটি করে মামলা। এসব মামলায় মাহফুজুর রহমান গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।মাহফুজুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার। পরে আহসানুল করিম প্রথম আলোকে বলেন, পৃথক ১০টি মানহানির মামলায় আদালত মাহফুজুর রহমানের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন।এর আগে শুনানিতে আহসানুল করিম বলেন, মাহফুজুর রহমান ওই ধরনের কোনো কথা লন্ডনে বলেননি। তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি জামিন পেতে পারেন। এর বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার বলেন, মামলার অভিযোগ সুস্পষ্ট। টেলিভিশন চ্যানেলে তাঁর বক্তব্য সম্প্রচার করা হয়। এতে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হয়। শুনানির একপর্যায়ে আদালত মাহফুজুর রহমানের বক্তব্য জানতে চান। তিনি বলেন, ‘আমি এ ধরনের কথা বলিনি। আমি নিজেকেই বাচাল বলেছিলাম। কিন্তু এ নিয়ে বিকৃতভাবে আমার বক্তব্য প্রচার হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি এর প্রতিবাদ জানিয়েছি।’