পৃথক ৩ মামলায় জেএমবির ৬ সদস্যের পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তিনটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয়জন সদস্যের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার পৃথক দুই মহানগর হাকিম ইমদাদুল হক ও অমিত কুমার দে এই আদেশ দেন।
হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় করা মামলায় জেএমবির সক্রিয় সদস্য মাসুদ রানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে চকবাজার থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর একটি মামলায় জেএমবির শীর্ষ নেতা নূরুজ্জামান ও আবুল কালাম আজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জু​র করেছেন আদালত।
বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় জেএমবির তিন সক্রিয় সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন ইদ্রিস শেখ, মোহাম্মদ সালাম ও মকবুল শরীফ।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, গতকাল রোববার বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রা, অন্যের পাসপোর্ট ও বিপুলসংখ্যক জিহাদি পুস্তক উদ্ধার করা হয়েছে। আসামিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যা বলে জানা গেছে। আসামিরা নিয়মিত পাকিস্তানে যাতায়াত করেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যাসহ নাশকতা ঘটানোর জন্য সংগঠিত হচ্ছিলেন। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য এঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।