পৃথিবী আমাদের করতে আলো ছড়াতে হবে

প্রথম আলোর ১৬ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭০টি স্থানে গতকাল শুক্রবার নানা আয়োজন করা হয়। প্রথম আলোর উদ্যোগে পত্রিকাটির পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় এসব সম্পন্ন করা হয়। তাঁরা কোথাও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন, কোথাও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরণ, কোথাও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এমন আরও নানা ধরনের অন্তত একটি ভালো কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব সম্পন্ন করেন তাঁরা।

‘কালকের পৃথিবী আমাদের হবে’—এই স্লোগানের ব্যাখ্যা দিয়ে বক্তারা বলেন, কালকের পৃথিবী আমাদের করতে হলে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তির আলো ছড়াতে হবে। রক্ষা করতে হবে বিনোদন স্থান, উদ্যান ও পরিবেশ। তাই সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে সমাজের নানা স্তরের মানুষের অংশগ্রহণের সংবাদ পাঠান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা।
মানিকগঞ্জ: বন্ধুসভার সদস্যদের উদ্যোগে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের দাবিতে সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটায় উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করে শোনান। বিকেল পাঁচটায় শুরু হয় আলোচনা সভা। এতে বন্ধুসভার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন আবদুল মোমিন। এ সময় বক্তারা বলেন, সময়োপযোগী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বিভিন্ন কাজ করে যাচ্ছে প্রথম আলো। কাজেই প্রথম আলোর কাছে পাঠকের চাহিদাও বেশি। সেই চাহিদা পূরণে অতীতের মতো সামনের দিনগুলোতে প্রথম আলো মানুষের পাশে থাকবে বলে পাঠকেরা আশা করছেন।

গাজীপুর: গতকাল সকালে কালিয়াকৈর বন্ধুসভার সদস্যরা উপজেলার আনসার একাডেমির সামনে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পর্যন্ত এলাকায় দুই পাশের আবর্জনা পরিষ্কার করেন। পরে কালিয়াকৈর গোলাম নবী মাঠে স্মৃতিসৌধের খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য ও অতিথিরা বক্তৃতা করেন।
মুন্সিগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভীর হাসান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেহেজাবিন মল্লিক, মিশকাত জাহান ও ফাতেমাতুজ জোহরা।

নারায়ণগঞ্জ: কেক কেটে ও শিক্ষা উপকরণ কেনার জন্য অটিস্টিক শিশুদের মধ্যে টাকা বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অটিস্টিক শিশু জুঁই রানী সাহা, মেহেদী হাসান, শিবলী সুলতানা, নাহিদা আক্তার ও নাদিম হোসেনকে এক হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। এ সময় প্রথম আলোকে অভিনন্দন জানিয়ে অটিস্টিক শিশুদের স্কুল পদক্ষেপের শিক্ষক সাবিহা নাজনীন ও কাওসার লিখন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বন্ধুসভার সভাপতি আহসান সাদিক বক্তৃতা করেন।
নরসিংদী: বৃহস্পতিবার রাতে শহরের ভেলানগর জেলখানা মোড় এলাকা থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত সড়কের ১০টি গতিরোধক চিহ্নিত করার কাজ সম্পন্ন করেন বন্ধুসভার সদস্যরা। গতকাল বেলা তিনটায় শহরের হেমেন্দ্র সাহার মোড়ে ইসলাম প্লাজার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুসভার সভাপতি রায়হানা সরকারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হিম মিত্র ও গোপা চট্টোপাধ্যায় দেশের গান পরিবেশন এবং তনিমা ফারিয়া, তাসমিয়া হক ও শাশ্বতী দে কবিতা আবৃত্তি করেন।