পৃথিবী জয়ের অঙ্গীকার নিয়ে চলছে গণিত উৎসব

ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাস। কিন্তু গণিত জয়ের স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের কাছে তা কিছুই নয়। দূর-দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে ‘গণিতের মাধ্যমে জয় করতে হবে পৃথিবীকে’ এ অঙ্গীকার নিয়ে আজ দিনাজপুর, যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্ব।
প্রথম আলোর প্রতিনিধি ও কার্যালয় থেকে পাঠানো খবর:
দিনাজপুর: দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসব। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য্য, গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড সেন্টার দিনাজপুরের পরিচালক বি কে বোস ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো.আবু বকর সিদ্দিক।
আজকের উৎসবে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি-এই চার পর্যায়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
১০টা থেকে পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। চলে সোয়া ১১টা পর্যন্ত। দিনব্যাপী এই উৎসবে মূল পর্ব ছাড়াও থাকছে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন, বইমেলা,স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

যশোর: সকাল নয়টায় জিলা স্কুলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার এহসানুল কবীর এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মাগুরা, যশোর ও নড়াইলের বিভিন্ন স্কুলের ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করে। সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষে আছে ১৫ মিনিটের ‘বন্ধুতা পর্ব’, আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব।

ব্রাহ্মণবাড়িয়া: শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল নয়টার মধ্যে জড়ো হয় ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল বেলুন ও প্লেকার্ড। জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় উৎসবের। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর কবীর ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সমীত্র চক্রবর্তী।

শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুল কাইয়ুম বলেন, প্রত্যেকের মধ্যে মেধা রয়েছে। সেটাকে বিকশিত করা সম্ভব। আজকের শিশু আগামী দিনে গণিত বিজয়ের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশকে আলোকিত করবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন আর গণিতভীতি নেই।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহযোগিতায় এ উৎসব চলবে বেলা তিনটা পর্যন্ত।

দেশব্যাপী এবার চতুর্দশ বারের মতো গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবের মাধ্যমে ২০১৬ সালে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করা হবে। এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।