
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করে বলেছেন, ‘ঈশ্বর কণা’ নামে পরিচিত হিগস বোসন কণা পৃথিবী ও মহাবিশ্ব ধ্বংসের কারণ হিসেবে দেখা দিতে পারে। তবে এমনটি ঘটতে সময় লাগতে পারে কমপক্ষে এক লাখ কোটি বছর।
হকিং তাঁর নতুন বই স্টারমাস-এর মুখবন্ধে এসব কথা বলেন। ৭২ বছর বয়স্ক এই ব্রিটিশ বিজ্ঞানী বলেন, অত্যধিক শক্তি প্রয়োগ করা হলে অতিপারমাণবিক (সাব-অ্যাটমিক পার্টিকেল) হিগস বোসন কণা ভারসাম্যহীন হতে পারে। এ কারণে স্থান ও সময় বলতে আমরা যা বুঝি, একসময় তা ভেঙে পড়তে পারে।
হকিং বলেন, হিগস বোসন অস্থিতিশীল হতে প্রয়োজন হবে ১০ হাজার কোটি গিগা ইলেকট্রন ভোল্ট (জিইভি)। তবে আশ্বাস দিয়ে তিনি বলেন, অদূর ভবিষ্যতে হিগস বোসন থেকে ভয়ের কোনো কারণ নেই।
হিগস বোসন কণার অস্তিত্ব নিশ্চিত হয় ২০১২ সালে। এ জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান বেলজিয়ামের ফ্রাঁসোয়া ইংলার্ত ও যুক্তরাজ্যের পিটার হিগস।
২০১২ সালে সুইজারল্যান্ডের জেনেভার কাছে অবস্থিত সার্নের সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডারের মাধ্যমে আবিষ্কৃত হয় ওই কণার অস্তিত্ব। বিজ্ঞান গবেষণায় গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক অর্জন ছিল এটি।
টাইমস অব ইন্ডিয়া।