পৃথিবীটা আমাদের করতে আলো ছড়াতে হবে
প্রথম আলোর ১৬ তম বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশের ৭০টি স্থানে আজ শুক্রবার নানা আয়োজন করা হয়েছে। প্রথম আলোর উদ্যোগে পত্রিকাটির পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় এসব আয়োজন সম্পন্ন করা হয়। তাঁরা কোথাও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন, কোথাও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরণ, কোথাও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এমন আরও নানা ধরনের অন্তত একটি ভালো কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব সম্পন্ন করেন তাঁরা।
কালকের পৃথিবী আমাদের হবে এই স্লোগানের ব্যাখ্যা দিয়ে বক্তারা বলেন, কালকের পৃথিবী আমাদের করতে হলে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তির আলো ছড়াতে হবে। রক্ষা করতে হবে বিনোদন স্থান, উদ্যান ও পরিবেশ। তাই সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে সমাজের নানা স্তরের মানুষের অংশগ্রহণের সংবাদ পাঠান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা।
বরিশাল: সকাল সাড়ে ছয়টায় নগরের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন উদ্যানের সামনে আসতে থাকেন মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট নাগরিকেরা। পরে মুক্তিযুদ্ধে শহীদ মজিবর রহমান কাঞ্চনের স্ত্রী মোসাম্মৎ জমিলা খাতুনকে শ্রদ্ধা জানানো ও ১৬ জন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় সম্মাননা। এরপর উদ্যানে তমালসহ বেশ কয়েকটি বৃক্ষ রোপণ এবং সবশেষে শহীদ কাঞ্চন উদ্যান রক্ষায় মানববন্ধন করা হয়। মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মরক তুলে দেন জমিলা খাতুন। ফুল দিয়ে শুভেচ্ছা জানান জীবন কৃষ্ণ দে, আজমল হোসেন, কাজল ঘোষ, বিশ্বনাথ দাস মুনশী। এর আগে সকাল ছয়টায় নগরের তিনটি পত্রিকা বিক্রয়কেন্দ্রের বিক্রয়কর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
যশোর: বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সত্যেন সেন মঞ্চে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। মার্কস অলরাউন্ডারের পঞ্চম স্থান অধিকারী অহনার নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এরপর বক্তব্য দেন মাগসাইসাই পুরস্কারজয়ী আঞ্জেলা গোমেজ, শিক্ষাবিদ তারাপদ দাস, অধ্যাপক সন্তোষ হালদার, যশোর আদালতের মুখ্য বিচারিক হাকিম শেখ মফিজুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, রাজনীতিক আবদুস শহীদ, এলাহদাদ খান, মোফাজ্জেল হোসেন, গাজী গোলাম মোস্তফা, সৌমেশ মুখার্জি, মনিরুল ইসলাম, কাজী লুৎফুন্নেছা প্রমুখ। পরে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন করা ও কেক কাটা হয়।
খুলনা: প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১০টায় শুভেচ্ছা বক্তৃতা করেন এস এম জাহিদ হোসেন, শেখ আবদুল কাইয়ুম ও শংকর কুমার মল্লিক। বক্তৃতা শেষে খুলনা বন্ধুসভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গত বৃহস্পতিবার বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে নগরের রূপসায় অবস্থিত বৃদ্ধা আশ্রমের ১২ জন বৃদ্ধাকে কম্বল দেওয়া হয়।
ঝিনাইদহ: সকাল ১০টা ১ মিনিটে ঝিনাইদহের ছয়টি পৌরসভায় একযোগে শুরু হয় শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকের দায়িত্ব শিরোনামের লিফলেট বিতরণ। এই কর্মসূচি উদ্বোধন করেন নিজ নিজ পৌরসভার মেয়র। তাঁরা প্রথম আলোর এই উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি একটি পত্রিকার জনকল্যাণমূলক এই কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সাতক্ষীরা: কালকের পৃথিবীটা আমাদের হবে স্লোগান নিয়ে সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী, সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ। সভার ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও দেশাত্মবোধক গান পরিবেশন। বেলা সাড়ে ১১টায় বন্ধুসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্ন করেন। তাঁরা শহরের একটি গতিরোধক রং করেন।
কুষ্টিয়া: জেলা সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন ধরনের প্রায় ২৪ হাজার বই একযোগে পরিষ্কার করা হয়। গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান হাফিজুর রহমান বলেন, এমনও বই রয়েছে যেটাতে কখনোই হাত পড়েনি। আজ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সেই বইয়ে হাত দিয়ে ধুলো পরিষ্কার করেছেন। এটা খুবই প্রশংসনীয় ও ভালো কাজ। বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর: সকালে শহরের কোর্টপাড়ায় অবস্থিত জেলার একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় সুইট বাংলাদেশ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে শীতের টুপি বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী খাতুন বলেন, প্রথম আলোর মতো সবাই ছোট ছোট এমন ভালো কাজ করলে সমাজের সবাই ভালোভাবে বাঁচতে পারত। পরে শহরের বাসস্ট্যান্ডে সংবাদপত্র এজেন্ট কার্যালয়ে হকারদের মুখে মিষ্টি তুলে দেওয়া হয়। কবিতা, গান, নাচ পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু সদস্যরা।
ফরিদপুর: বৃদ্ধানিবাসের ১১ জন নিবাসী ও ঢাকা বিভাগীয় আঞ্চলিক শিশু-কিশোরী নিরাপদ হেফজতি নয় শিশুকে মিষ্টি ও নাশতা পরিবেশন করা হয়। বেলা ১১টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন এ এস এম আলী আহসান, শিপ্রা গোস্বামী, মো. জাহিদুজ্জামান খান। পরে সংগীত পরিবেশন করেন শিল্পী বাদল দাস ও তাঁর সংগীরা।
পটুয়াখালী: সকালে ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে গ্রামের মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার মনোয়ারা বেগম (৬৫), জয়ফুল বিবি (৭০), রিজিয়া বেগম (৬৫), ফুলবানু (৭১) ও রুশিয়া বেগম (৭০)এই পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নির্মল কুমার রক্ষিত, আয়ুব আলী মাতব্বর ও এক নির্যাতিত নারীর সন্তান দেলোয়ার হোসেন।
বরগুনা: সকালে এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রথম আলোর বরগুনা আঞ্চলিক কার্যালয়ে সুধী সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন আবদুস সালাম, মোশারফ হোসেন, সালেহ শাহিন, মীর বজলুর রহমান, মাসউদ সিকদার, সুশান্ত পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাইদুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বন্ধুসভার পক্ষ থেকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা: সকাল ১০টায় সরকারি শিশুসদন চত্বরে উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার। উদ্বোধনের আগেই অতিথি ও সুধীদের হাতে হাতে পৌঁছে যায় কল্পপত্রিকা ২০২৪ সালের প্রথম আলো। বন্ধুসভা ও সরকারি শিশুসদনের নিবাসীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভোলা: সকালে আলোচনা, বক্তব্য, আবৃত্তি, গান ও নৃত্যে ভোলা প্রেসক্লাব মিলনায়তন ছিল মুখরিত। আলোচনায় বক্তৃতা করেন এম ফারুকুর রহমান, নিজাম উদ্দিন, এম হাবিবুর রহমান, আহাদ চৌধুরী, অমিতাভ অপু প্রমুখ। বক্তৃতার ফাঁকে আবৃত্তি করেন জাভেদ ইকবাল, শিহাব, স্নিগ্ধা ও শ্যামলী। সংগীতে ছিলেন মঞ্জুর আহমেদ ও ভাস্কর মজুমদার। নৃত্য পরিবেশন করেন সানজিদা হোসেন এশা। অনুষ্ঠানে প্রথম আলোর সাবেক প্রতিনিধি প্রয়াত ফরিদ হোসেন বাবুল স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শরীয়তপুর: বেলা ১১টার দিকে স্থানীয় বেসরকারি সংস্থা এসআইআইটি কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন অরুণ কুমার বর্ধন, রোকনুজ্জামান, সবুজ দত্ত। বন্ধুসভার সদস্য মাসুদ, সোহাগ ও রাকিব মৃধা কবিতা আবৃত্তি করেন। আর তিথুন আক্তার, বীথি আক্তার, সবুজ দত্ত ও সফিকুর রহমান সংগীত পরিবেশন করেন।
ঝালকাঠি: সকালে সুবিধাবঞ্চিত শিশুদের নানা প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দেড় শতাধিক শিশুকে মিষ্টিমুখ করানো হয়। বেলা সাড়ে তিনটায় প্রেসক্লাবের খোলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য বন্যা সাহা, চৈতি রায়, অর্ণব বিশ্বাস, ঐশী রায় ও মানিক আচার্য।
নড়াইল: নড়াইল-যশোর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের গতিরোধক চিহ্ন (জেব্রা ক্রসিং) নেই। শহরের সরকারি বালক বিদ্যালয় এবং সদর হাসপাতালের সামনে দুটি গতিরোধক (স্পিডবেকার) থাকলেও সেখানে কোনো সাংকেতিক (জেব্রা ক্রসিং) চিহ্ন নেই। যার কারণে এখানে বেশির ভাগ সময় দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ওই দুটি স্থানের গতিরোধকে রং দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে কেক কাটা, মেয়েদের বউচি এবং ছেলেদের হাডুডু খেলাসহ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত দর্শকদের এ সময় মিষ্টিমুখ করানো হয়। আলোচনায় বক্তব্য দেন সাইফুর রহমান, কাজী হাফিজ, সুজল নন্দী প্রমুখ।