চাঁদের পাশে এসিড বৃষ্টির আবরণ সৃষ্টি হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে, তা তথ্যনির্ভর নয় বলে দাবি করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। কয়েক দিন আগে ইন্টারনেট ও পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয় যে এ মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে এসিড বৃষ্টি হতে পারে এবং এতে কোটি কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হবে। সংগঠনটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসার বরাত দিয়ে এই প্রতিবেদন ছাপা হলেও কোন কর্মকর্তা, কত তারিখে এই তথ্য সরবরাহ করেছেন, সে সম্পর্কে কিছু বলা হয়নি। পাশাপাশি সংগঠনটি বলছে, মেঘ হতে হলে আবহাওয়ামণ্ডল থাকতে হবে এবং তাতে পানির কণা থাকতে হবে। যেহেতু চাঁদে কোনো আবহাওয়ামণ্ডল নেই, তাই সেখানে মেঘ সৃষ্টির সুযোগ নেই। এ ছাড়া চাঁদের চারপাশে পৃথিবীর বিভিন্ন মহাকাশ সংস্থার উপগ্রহ রয়েছে। এসব উপগ্রহের ক্যামেরাতেও মেঘের ছবি ধরা পড়েনি। সংস্থাটি আরও বলছে, মেঘকে চলতে হলে বাতাসের ধাক্কার প্রয়োজন। চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত দীর্ঘ দুই লাখ ৪০ হাজার মাইলের কোথাও বাতাস নেই, এমনকি চাঁদেও নেই।