পৃথিবীতে কয়েক ঘণ্টা...
দুই নারী গতকাল শুক্রবার দুপুরের দিকে সদ্যোজাত একটি অসুস্থ শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসকেরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটিকে বাঁচাতে পারলেন না। পরে জানা গেল, শিশুটি তাঁদের কেউ নয়। বসুন্ধরা আবাসিক এলাকায় পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় তাঁরা শিশুটিকে পেয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর একটার দিকে শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন গৃহবধূ ফিরোজা পারভীন ও লোপা ইসলাম। হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকেরা শিশুটিকে বাঁচাতে সবরকম চেষ্টা করেও ব্যর্থ হন।ফিরোজা ও লোপা জানান, গতকাল সকালে সন্তানদের নিয়ে প্রাইভেট শিক্ষকের বাসায় গিয়েছিলেন তাঁরা। ফেরার সময় বসুন্ধরার একটি খালি প্লটের সামনে অনেক মানুষের ভিড় দেখে তাঁরাও এগিয়ে যান। সেখানে পলিথিনে মোড়ানো ছোট্ট একটি শিশু দেখতে পান তাঁরা। নড়াচড়া নেই। লোকজন শিশুটিকে মৃত ভেবেছিল। তারা এটির সৎকারের উদ্যোগ নেওয়ার কথা আলাপ করছিল। কিন্তু ফিরোজা ও লোপা শিশুটিকে ভালোভাবে দেখে বুঝতে পারেন, সে বেঁচে আছে, শ্বাস চলছে। তাঁরা শিশুটিকে পাশের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান।