পৃথিবীতে বড় হতে পারল না শিশুটি
বাবার মৃত্যুর পাঁচ মাস পর জন্ম হয় তার। জন্মের পর মা তাকে কোলে নিয়ে শুধু কেঁদেছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাবা মোসলেম উদ্দিন (৪৫) মারা যাওয়ার পর মা দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিন সন্তানকে বড় করতে থাকেন। ভেবেছিলেন সন্তানেরা বড় হলে দুঃখ ঘুচবে। তবে নিয়তির বোধ হয় অন্য পরিকল্পনা! বেপরোয়া মোটরসাইকেল চালনা মোস্তাকিমকে এ পৃথিবীতে বড় হতে দিল না।
আজ শনিবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনা কেড়ে নিল ছোট প্রাণ। ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগামী একটি মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত মোস্তাকিমকে (১১) হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। উপজেলার নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কের আচারগাঁও ইউনিয়নের জনতা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তাকিমের বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে। সে পুরহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল। বাবা মোসলেম উদ্দিন ছিলেন কৃষক। মোস্তাকিমের বড় দুই বোনের বিয়ে হয়েছে। মা ফিরোজা বেগম ধার-দেনা করে মেয়েদের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে মোস্তাকিমকে ঘিরে ছিল তাঁর অনেক স্বপ্ন।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মোস্তাকিম আজ কেনাকাটার জন্য বাড়ির কাছে অবস্থিত জনতা বাজারে গিয়েছিল। জনতা বাজারের কাছাকাছি একটি সড়কের কিনারায় সে দাঁড়িয়ে ছিল। এ সময় জাহাঙ্গীপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাকিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র ছেলের মৃত্যুর দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন মা ফিরোজা বেগম। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
মোস্তাকিমের চাচা আবদুল মান্নান বলেন, মোস্তাকিমকে চার মাসের গর্ভে রেখে তাঁর ছোট ভাই মোসলেম উদ্দিন মারা যান। একমাত্র ভাতিজার এ ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা পরিবারের কেউ মানতে পারছেন না।
এদিকে এ ঘটনায় আহত মোটরসাইকেল-চালক মো. আবুল কুদ্দুছকেও (৫০) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মোকাররমের মৃত্যুর ঘটনা ছড়িয়ে আবুল কুদ্দুছের স্বজনেরা চুপিসারে তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় উত্তেজিত জনতা তাঁকে সামান্য মারধর করে।
দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।
বিবিধ