পৃথিবীর গতি সম্পর্কে মাধ্যমিকের দুটি বইয়ে দুই রকম তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান ও ভূগোল বইয়ে পৃথিবীর গতি সম্পর্কে দুই রকম তথ্য দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এর মধ্যে একটি বইয়ের তথ্য ভুল বলে কয়েকজন শিক্ষক জানিয়েছেন। এই ভুল সংশোধনের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। নবম-দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ পরিচ্ছেদে (১০২ ও ১০৩ নম্বর পৃষ্ঠা) ‘পৃথিবীর গতি’ সম্পর্কে বলা হয়েছে, ‘পৃথিবী নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এভাবে একবার আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা বা এক দিন সময় লাগে। ঠিক হিসাবে এ সময় হলো ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি এবং এ সময়কে সৌর দিন বলা হয়। নিরক্ষ রেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, তাই এখানে আহ্নিক গতির বেগ কম। পক্ষান্তরে মেরুদ্বয়ের দিকে পরিধি ক্রমশ কমতে থাকে বলে গতিও বৃদ্ধি পেয়ে থাকে।’ এই বইটি ২০০৮ সালে পরিমার্জিত ও অক্টোবর ২০০৯-এ পুনর্মুদ্রিত।২০০৮ সালের ডিসেম্বরে পরিমার্জিত ও ২০০৯ সালের আগস্টে পুনর্মুদ্রিত নবম-দশম শ্রেণীর ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায়ে (১৮ ও ১৯ পৃষ্ঠা) ‘পৃথিবীর গতি’ সম্পর্কে বলা হয়েছে, ‘পৃথিবীর আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। নিরক্ষ রেখায় পৃথিবীর আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি। এখানে পৃথিবীর আহ্নিক গতি ঘণ্টায় ১,৬১০ কিলোমিটারের বেশি। নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে এই গতিবেগ ক্রমশ কমতে থাকে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে এই গতিবেগ শূন্যের কাছাকাছি।’দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলে, ভূগোল ও সামাজিক বিজ্ঞান বইয়ে পৃথিবীর গতি সম্পর্কে দুই রকম তথ্য দেওয়ায় তারা বিভ্রান্ত হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর গতি সম্পর্কে দশম শ্রেণীর ভূগোল বইয়ে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই সঠিক। অর্থাৎ নিরক্ষ রেখায় পৃথিবীর আহ্নিক গতির বেগ ঘণ্টায় এক হাজার ৬১০ কিলোমিটারের বেশি এবং মেরুদ্বয়ে ওই গতি শূন্যের কাছাকাছি।’ কাজেই শিক্ষার্থীদের স্বার্থে সামাজিক বিজ্ঞান বইয়ের ভুল সংশোধন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।এনসিটিবির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী বলেন, বিষয়টি এত দিন কেউ নজরে আনেনি। এ ধরনের অসংগতি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।