
ঘড়ির কাঁটায় তখন একটা ৩৫ মিনিট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঠায় দাঁড়িয়ে ২৭ হাজার ১১৭ জন। সবার হাতে একখণ্ড করে বাংলাদেশ। চারদিকে সবুজ আর মাঝখানটায় লাল। গতকাল সোমবার এই মানুষগুলো আর লাল-সবুজ মিলেমিশে রূপ নিল একটি জাতীয় পতাকায়।
বাংলাদেশের বিজয় দিবসকে স্মরণ করে বিশ্বের সবচেয়ে বড় মানব জাতীয় পতাকা নির্মাণের লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তায় এই আয়োজন করেছিল রবি আজিয়াটা।
গত বছরই পাকিস্তানে ২৪ হাজার ২০০ মানুষ নিয়ে সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি হয়েছিল। গতকাল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আট হাজার সদস্য ও স্কুল-কলেজের ১৯ হাজারেরও বেশি শিক্ষার্থী মিলে ওই রেকর্ড ভেঙে দিল।
তবে এই পতাকা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এক নম্বরে স্থান পাবে কি না, তা নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে। মানব জাতীয় পতাকা তৈরির এই নতুন বিশ্ব রেকর্ড পর্যবেক্ষণ করতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। আগামী কয়েক দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দেবে তারা।
সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডের মাঠে যেন ভিন্ন রূপে ফিরে এসেছিল একাত্তরের সেই যুদ্ধদিনের লড়াই। প্রতিপক্ষ পাকিস্তান, তবে আগের মতো সশস্ত্র যুদ্ধ নয়।
অভিনেতা আফজাল হোসেন আর অপি করিম সঞ্চালক হিসেবে সবাইকে উৎসাহ আর নির্দেশনা দিয়ে গেছেন। একাত্তরের যুদ্ধজয়ের লড়াই ছিল নয় মাসের। আর বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা নির্মাণের রেকর্ড গড়ার ওই সময়কাল ছিল ছয় মিনিট ১৬ সেকেন্ড স্থায়ী। জাতীয় সংগীত গেয়ে সবাই মিলে একসঙ্গে জাতীয় পতাকায় নিজেদের রূপ দেন। পুরো প্যারেড গ্রাউন্ড বিজয় উল্লাস উদ্যাপনের মঞ্চে পরিণত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দী তাঁর স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শুধু বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা তৈরির রেকর্ড নয়, উন্নয়নেও রেকর্ড গড়ে বিশ্বকে অবাক করে দিতে হবে।
রবির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আজ থেকে ৪২ বছর আগে এই দিনটাতে আমরা বিজয় অর্জন করেছি। বিশ্ব রেকর্ড গড়ার মধ্য দিয়ে আমরা এই দিনটিকে স্মরণে রেখে এমনি করে আমরা বিশ্বের সামনে ঐক্য ও শক্তি গড়ে তুলব।’
আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এই বিশ্ব রেকর্ড গড়তে আসা তরুণদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে হাবিব ওয়াহিদের সুরে ও অমিতাভ রেজার পরিচালনায় একটি মিউজিক ভিডিও দেখানো হয়। ওই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চুসহ খ্যাতনামা সংগীতশিল্পীরা।