পে-অর্ডার জালিয়াতি করে দরপত্রে অংশগ্রহণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণ ও সংস্কারের কাজে এক ঠিকাদার পে-অর্ডার জালিয়াতি করে দরপত্রে অংশ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার বেলাগাঁও, তমাল সিংহ, মন্ত্রীগাঁও ও লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চেরাগ আলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ ও সংস্কারকাজে এলজিইডি গত বছরের ১ নভেম্বর দরপত্র আহ্বান করে। বিজ্ঞপ্তিতে প্রতিটি কাজের জন্য মোট ব্যয়ের আড়াই শতাংশ হিসেবে পৃথক পে-অর্ডার ও আর্থিক লেনদেনের সক্ষমতার সনদপত্র জমা দেওয়ার শর্ত ছিল। গত ২৫ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১৬টি দরপত্র জমা পড়ে।সূত্র জানায়, দরপত্রে অংশগ্রহণকারী রাজনগর উপজেলার দক্ষিণ টেংরাবাজার এলাকার দুলাল হোসেন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজেই সর্বনিম্ন দরদাতা মনোনীত হন। সূত্র জানায়, দুলাল সর্বনিম্ন দরদাতা মনোনীত হওয়ার পর দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে দেখে, শর্তে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র তিনি দরপত্রের সঙ্গে জমা দেননি। এ অবস্থায় কমিটি তাঁর দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।এ খবর পেয়ে ঠিকাদার দুলাল তাঁর প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে অন্যকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে উপজেলা প্রকৌশলীর বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তিনি চারটি দরপত্রের সঙ্গে দেওয়া পূবালী ব্যাংকের টেংরাবাজার শাখা থেকে ২৪ নভেম্বরের ইস্যু করা একই নম্বরের (পিও-৪৬৩৩৫০৪) তিনটি পে-অর্ডারে যথাক্রমে ৪৫, ৫০ ও ৪৭ হাজার টাকা এবং আরেকটি নম্বরের (৪৬৩৩৫৫৫) পে-অর্ডারে ৪৭ হাজার টাকা জমা দেওয়ার মুড়ির ফটোকপি পাঠান।পরে উপজেলা প্রকৌশলী পে-অর্ডারের সত্যতা জানতে চেয়ে পূবালী ব্যাংক লিমিটেডের টেংরাবাজার শাখার ব্যবস্থাপক বরাবরে ১০ জানুয়ারি একটি চিঠি দেন। জবাবে ব্যবস্থাপক ১২ জানুয়ারি জানান, ওই তারিখে (২৪ নভেম্বর) তাঁদের ব্যাংক থেকে উল্লিখিত পে-অর্ডার ইস্যু করা হয়নি। ব্যাংকের ব্যবস্থাপক মো. স্যামুয়েল আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে ঠিকাদার দুলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বলেন, ‘ঠিকাদার দুলাল পে-অর্ডার জালিয়াতি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। একই নম্বরের তিনটি পে-অর্ডার কীভাবে হয়! এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে।’