পে-স্কেলে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করে বেতন বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদসহ বিসিএস ২৬ ক্যাডারের সদস্যরা। মানববন্ধনে আগামী ৫ নভেম্বর সমাবেশের ঘোষণা দেওয়া হয়। 

আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফজলুল কাদের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রকৌশলী, কৃষিবিদ এবং চিকিৎসকদের সংগঠন প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি মুজিবুল হক খান।
সমাবেশে বক্তারা বলেন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বাতিল করে পে-স্কেলে শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদসহ বিভিন্ন ক্যাডারের লোকদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। প্রশাসন ক্যাডার সকলের মাথার ওপর ছড়ি ঘোরানোর জন্য বৈষম্যমূলক একটি পে-স্কেল করেছে। এখানে সমমর্যাদা রক্ষা হয়নি।
বক্তারা আরও বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা, শিশু মাতৃ মৃত্যুহার কমাতে চিকিৎসকেরা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিবিদরা কাজ করে যাচ্ছেন। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। কিন্তু প্রশাসন ক্যাডার সরকারকে গণবিচ্ছিন্ন করতে এই ধরনের পে-স্কেল করেছে।
কর্মসূচি থেকে আগামী ৫ নভেম্বর সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা জানানো হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের চেয়ারম্যান সাদেক মো. চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী উদয় শেখর দত্ত, সরকারি সিটি কলেজের শিক্ষক আনোয়ার সাদাত, প্রকৌশলী প্রবীর কুমার সেন, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, কৃষিবিদ গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।