পেঁচাযুগলের শান্তিনিবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমাকে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে’—অনেকটা জীবনানন্দ দাশের কবিতার এই পঙিক্তর মতোই কাঁঠালশাখায় ঠায় বসে ছিল একটি পেঁচা। এই নির্জন প্রতীক্ষায় সাড়া দিতেই যেন ১০-১২ দিন পর তার সঙ্গে এসে যোগ দিয়েছে আরেকটি। দুই সপ্তাহ পার হতে চললেও একই স্থানে পেঁচাযুগলের বসে থাকা এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি করেছে।মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে সাবেক নারী সাংসদ হোছনে আরা ওয়াহিদের বাসার একটি কাঁঠালগাছে স্থির বসে আছে ওই যুগল। বাসার বাসিন্দা মো. আবদুল খালিক প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১০-১২ দিন ধরে গাছটির ডালে একটি পেঁচা বসে ছিল। রাত-দিন একই স্থানে একে দেখা যায়। পরে পাশে আরও একটি পেঁচা এসে বসেছে। নতুনটি আসার পর তার মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, একসময় বর্ষিজুরা পাহাড়সংলগ্ন এলাকায় পেঁচার দেখা মিলত। রাতে তাদের ডাক শোনা যেত। এখন লোকবসতি বেড়েছে ও গাছপালা কমেছে। তাই আর আগের মতো পেঁচা দেখা যায় না। গতকাল শুক্রবার বিকেলেও ওই পেঁচা দুটিকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। এ যেন তাদের শান্তিনিবাস।