পেঁচার দ্বীপে মারমেডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজারের রামু উপজেলার উপকূলীয় এলাকা ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র পেঁচার দ্বীপে খাসজমিতে অবৈধভাবে গড়ে তোলা মারমেড ইকো রিসোর্টের ১০টি কটেজ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানের সময় নির্বাহী হাকিম রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর, আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে অংশ নেন অর্ধশতাধিক শ্রমিক।রামুর ইউএনও জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপের মারমেড ইকো রিসোর্টের জায়গার মধ্যে খাসজমির পরিমাণ প্রায় ৭ একর। আনিসুল হক চৌধুরী নামের এক প্রভাবশালী ব্যক্তি এই খাস জমি দখল করেন। ইউএনও ছাইদুল হক আরও জানান, মারমেড রিসোর্টে ৫৩টির বেশি কটেজ রয়েছে। রোববার ১০টি কটেজ ভেঙে প্রায় সাড়ে পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়। পরে দখলমুক্ত জমি খুনিয়াপালং ইউপির চেয়ারম্যান আবদুস সালাম ও ভূমি অফিসের তহশিলদার সলিম উল্লাহর তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।তিনি জানান, গত ২৮ এপ্রিল ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মারমেড ইকো রিসোর্ট কর্তৃপক্ষকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ পদক্ষেপ না নেওয়ায় এ অভিযান চালানো হয়। তবে মারমেড ইকো রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান পারভেজ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁদের কোনো সময়ই দেওয়া হয়নি। গত শনিবার নোটিশটি তাঁদের হাতে পৌঁছায়। এ কারণে তাঁরা স্থাপনা সরিয়ে নিতে পারেননি।