পেঁচারদ্বীপে পাহাড় কাটার সত্যতা পেলেন যুগ্ম সচিব
কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপে পাহাড় কেটে স্থাপনা তৈরির সত্যতা মিলেছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) রবীন্দ্রনাথ রায় চৌধুরীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়। এরপর যুগ্ম সচিব ওই নির্দেশ দেন।রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপে পাহাড় কেটে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘পাহাড় কেটে সমুদ্র গবেষণা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর থেকে কক্সবাজার গণপূর্ত বিভাগকে পাহাড় কাটার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শনকালে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থাপত্যবিদ আলী আশরাফ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব বলেন, পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শকদলের প্রধান পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।