পেঁপের গ্রাম বারইপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের পেঁপেখেতের পাশে দাঁড়িপাল্লায় মেপে পেঁপে বস্তাবন্দী করছেন এক ব্যবসায়ী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের পেঁপেখেতের পাশে দাঁড়িপাল্লায় মেপে পেঁপে বস্তাবন্দী করছেন এক ব্যবসায়ী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

এক গ্রামে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি পেঁপে-বাগান। পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। জীবিকার দিশা পেয়েছেন অনেক শ্রমজীবী মানুষ। মাগুরার শ্রীপুর উপজেলার এ গ্রামের নাম বারইপাড়া। গ্রামটি এখন পেঁপের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।
সম্প্রতি বারইপাড়া গ্রামে গিয়ে দেখা গেল, মাঠের পর মাঠ শুধু পেঁপেখেত। চাষিরা পেঁপেখেত পরিচর্যা করছেন। কোনো কোনো খেতে কৃষক ও ব্যবসায়ী মিলে গাছ থেকে পেঁপে পেড়ে ওজন দিয়ে বস্তায় ভরছেন। অন্যরা বাগানের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পেঁপের বস্তা তুলছেন।
পেঁপেচাষি মহিদুল ইসলাম বললেন, সবজি চাষের কারণে একসময় বারইপাড়া সবজির গ্রাম হিসেবে পরিচিতি পায়। কিন্তু সবজির পাশাপাশি কমবেশি পেঁপে চাষও হতো। লাভজনক হওয়ায় প্রায় এক দশক হলো গ্রামের অধিকাংশ কৃষক পেঁপে চাষে ঝুঁকে পড়েন। এখন গ্রামের মাঠঘাটে শুধুই পেঁপে-বাগান। বর্তমানে গ্রামে অন্তত ২০০টি পেঁপে বাগান রয়েছে। পেঁপে চাষের সঙ্গে জড়িত আছেন দুই শতাধিক কৃষক। গ্রামে এমন কয়েকজন কৃষক রয়েছেন, যাঁদের ১০-২০ বিঘা জমিতে পেঁপের আবাদ আছে।
গ্রামের শহিদুল ইসলাম ১২ বিঘা জমিতে পাঁচ বছর ধরে পেঁপের চাষ করছেন। এবার আবাদে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। প্রতি সপ্তাহে তিনি বাগান থেকে লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করছেন। মৌসুমের শেষ নাগাদ তিনি পেঁপে বাগান থেকে ১২-১৫ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখন পুরোপুরি পেঁপেচাষি। পেঁপে চাষ আমার ভাগ্য ফিরিয়েছে। আমার মতো গ্রামের অনেকেই পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বাড়িঘর, জমিজমা করেছেন। ছেলেমেয়ের লেখাপড়া করাচ্ছেন। পেঁপে চাষ গ্রামের কৃষকদের সৌভাগ্য বয়ে এনেছে। তাই প্রতিবছরই পেঁপে-বাগান বাড়ছে।’
বারইপাড়া থেকে নিয়মিত পেঁপে কেনেন মাগুরা শহরের সবজির আড়তের ব্যবসায়ী আকিদুল ইসলাম। তিনি বলেন, অন্তত ১০ জন সবজি ব্যবসায়ী বারইপাড়া থেকে পেঁপে আনেন। হাজার হাজার মণ পেঁপে কিনে তাঁরা ঢাকার মিরপুর ও কারওয়ান বাজারে পাঠান।
এখন মৌসুমের শেষ দিক। তারপরও প্রতিদিন বারইপাড়া থেকে দু-তিন ট্রাক পেঁপে যাচ্ছে। ভরা মৌসুমে প্রতিদিন পাঁচ-ছয় ট্রাক পেঁপে যায়।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চলতি মৌসুমে মাগুরার চার উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। এর মধ্যে শ্রীপুরের বারইপাড়া গ্রামেই ৭৫ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। এ চাষ করে বারইপাড়া গ্রামের কৃষকেরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছেন। পেঁপেখেতগুলো গ্রামটির শ্রমজীবী অনেক মানুষেরও জীবিকার উৎসে পরিণত হয়েছে।