পেঁয়াজ ব্যবসায়ীদের ধর্মঘট, চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা হাটে ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে হাটের পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদারেরা তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। গত শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে উপজেলার ২৫ গ্রামের শত শত পেঁয়াজচাষি পেঁয়াজ বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন ।
নলডাঙ্গা হাটের পেঁয়াজ ক্রেতা-বিক্রেতাদের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর থেকে প্রতি বস্তা পেঁয়াজের খাজনা ছিল ১২ থেকে ১৪ টাকা। অথচ কয়েক দিন আগে থেকে নলডাঙ্গা হাটের ইজারাদার প্রতি বস্তা পেঁয়াজের খাজনা আদায় করছেন ৩০ থেকে ৩২ টাকা। এতে বাইরের পেঁয়াজ ক্রেতারা নলডাঙ্গা হাটে আসছেন না। নলডাঙ্গার আড়তগুলো পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। এতে আশপাশের ২৫ গ্রামের মানুষ হাটে পেঁয়াজ এনে বিক্রি করতে পারছেন না।
বাঙালপাড়ার বাচ্চু মোল্লা বলেন, ধান কাটা শ্রমিকদের মজুরি পরিশোধ করার মতো নগদ অর্থ তাঁদের হাতে নাই। একমাত্র ভরসা পেঁয়াজ বিক্রি করে টাকার ব্যবস্থা করা। কিন্তু তিনি ১০ মণ পেঁয়াজ নিয়ে এসেও বিক্রি করতে পারেননি।
চুয়াডাঙ্গা থেকে আসা ব্যবসায়ী আবদুল হামিদ, জালাল উদ্দিন, মজিবর রহমান ও আবুল কালাম জানান, পাশের তাহেরপুরের (রাজশাহী) হাটে তাঁরা প্রতি বস্তা ৮-১০ টাকা হারে খাজনা পরিশোধ করেন। কিন্তু এখানে ৩০ থেকে ৩২ টাকা চাওয়া হচ্ছে। তাই তাঁরা পেঁয়াজ কিনছেন না। হাটের আড়তদার মোস্তফা মাসুদ বলেন, ‘আগের বছরে ৬০-৭৫ কেজির প্রতি বস্তা পেঁয়াজে ১২-১৪ টাকা খাজনা আদায় করত। এখন হঠাৎ করে ডবল করা হয়েছে।’
আড়তদার বাচ্চু মিয়া জানান, ‘গত শুক্রবার হাট ইজারাদারের সঙ্গে আলোচনা করে প্রতি বস্তা পেঁয়াজের খাজনা ২০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছি। কিন্তু তিনি তাতে রাজি হননি। তাই বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেছি।’
হাট ইজারাদার ফারুক হোসেন পেঁয়াজচাষি ও ব্যবসায়ীদের কষ্টের কথা স্বীকার করে বলেন, ‘গতবারের চেয়ে এবার সরকার হাটের ইজারা মূল্য ২৫ ভাগ বাড়িয়েছে। তাই আমরা খাজনা বাড়াতে বাধ্য হয়েছি।’
নলডাঙ্গা পৌরসভার মেয়র শফির উদ্দিন মণ্ডল বলেন, সরকারি নিয়ম অনুযায়ী খাজনা নির্ধারণ করা হয়েছে। দুপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।