পেঁয়াজচাষির মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে পাবনার সাঁথিয়া উপজেলার সবজিচাষিদের যেখানে মাথায় হাত, সেখানে পেঁয়াজচাষিদের ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র। কারণ, তিন-চার বছর ধরে পেঁয়াজচাষিরা লাভের দেখা না পেলেও এবার তাঁরা ভালো দামেই পেঁয়াজ বিক্রি করতে পারছেন।
ব্যবসায়ী ও পেঁয়াজচাষিদের ধারণা, অবরোধের কারণে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের কদর ও দাম বেড়েছে। ভালো দাম পেয়ে পেঁয়াজচাষিরা তাই এবার বেজায় খুশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা। প্রতিবছর এ উপজেলায় সাড়ে ১১ থেকে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়ে থাকে। এবার এ উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মূলকাটা ও হালি পদ্ধতিতে এ উপজেলায় পেঁয়াজের আবাদ হয়ে থাকে। মূলকাটা পদ্ধতির পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসে এবং হালি পদ্ধতিতে শুরু হয় ডিসেম্বর-জানুয়ারি মাসে। মাস দেড়েক হলো মূলকাটা পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ হাটে উঠছে।
পেঁয়াজচাষি ও ব্যবসায়ী সূত্র জানায়, অবরোধ শুরুর পর থেকেই ক্রেতার অভাবে সবজির দাম কমছে। কিন্তু পেঁয়াজের দাম না কমে বরং বাড়ছে। দুই সপ্তাহ আগেও স্থানীয় হাটগুলোতে ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। অথচ বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকা দরে। উৎপাদন খরচের তুলনায় এ দাম প্রায় দ্বিগুণ হওয়ায় পেঁয়াজচাষিরা বেজায় খুশি।
উপজেলার পাইকশা গ্রামের পেঁয়াজচাষি ও একটি বেসরকারি কলেজের শিক্ষক আবদুল খালেক জানান, তিনি এবার এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ১৭ হাজার টাকা। জমি থেকে পেঁয়াজ তোলা ও হাটে নেওয়ার জন্য পরিবহন বাবদ আরও হাজার তিনেক টাকা খরচ হবে। তিনি ধারণা করছেন, তাঁর জমিতে কমপক্ষে ৪০ মণ পেঁয়াজ ফলেছে। দু-এক দিনের মধ্যেই তিনি জমি থেকে পেঁয়াজ তুলে হাটে নেবেন। আবদুল খালেক বলেন, ‘হিসাব করে দেখেছি, হাটে নেওয়া পর্যন্ত প্রতি মণ পেঁয়াজে আমার উৎপাদন খরচ পড়বে ৫০০ টাকার মতো। অথচ বাজারে বর্তমানে ১ হাজার ১০০ টাকা মণ দরে পেঁয়াজ যাচ্ছে। তিন বছর পেঁয়াজ চাষ করে লোকসান দেওয়ার পর এবার আমরা লাভের দেখা পাচ্ছি। শুনতে পাচ্ছি অবরোধের কারণে ভারতীয় পেঁয়াজ না আসায় আমাদের পেঁয়াজের দাম বেড়েছে।’
গত মঙ্গলবার উপজেলার করমজা হাটে গিয়ে দেখা যায়, এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকা মণ দরে ব্যবসায়ীরা পেঁয়াজচাষির কাছ থেকে পেঁয়াজ কিনছেন। বেলা দেড়টার দিকে দেখা যায়, অবরোধ সত্ত্বেও ব্যবসায়ীরা হাট থেকে কেনা পেঁয়াজ ট্রাকবোঝাই করছেন। ওই সময় হাটে এমন পাঁচটি ট্রাক বোঝাই করতে দেখা গেছে। ব্যবসায়ী ও ট্রাকচালকেরা জানান, এসব পেঁয়াজ ঢাকায় নেওয়া হবে।
করমজা হাটের পেঁয়াজের আড়ত এলাহী বাণিজ্যালয়ের মালিক বাবুল হোসেন বলেন, ‘কয়েক বছরের মধ্যে নতুন পেঁয়াজের দাম এবারই এত বেশি। আসলে অবরোধের কারণে ভারতীয় পেঁয়াজ আসতে না পারাতেই দেশি পেঁয়াজের দাম এমন বেড়েছে। আর ঝুঁকি সত্ত্বেও আমরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেঁয়াজ পাঠাচ্ছি। অবশ্য এতে ভাড়া প্রায় দ্বিগুণ দিতে হচ্ছে।’
ট্রাকে পেঁয়াজ বোঝাই করা হচ্ছে, এমন একটি ট্রাকের চালক আলমগীর হোসেন বলেন, ‘আমি ২১ হাজার টাকা ভাড়ায় ঢাকায় পেঁয়াজ নিয়ে যাচ্ছি। এমনিতে এই ভাড়া ১২ থেকে ১৩ হাজার টাকা। রাস্তায় চরম ঝুঁকি ও ঝামেলা থাকায় ভাড়া বেশি নেওয়া ছাড়া উপায় নাই।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামাণিক বলেন, ‘এবার পেঁয়াজের ভালো ফলন যেমন হয়েছে, তেমনি কৃষকেরা দামও ভালো পাচ্ছেন। এ অবস্থায় আগামী দিনে পেঁয়াজ চাষে আগ্রহী কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে আমার বিশ্বাস।’