পেঁয়াজের কেজি ১৩০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৩০ টাকা। তবে কোনো কোনো বাজারে বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে।

রাজধানীর বড় কাঁচাবাজার কারওয়ান বাজারে গতকাল রোববার সারা দিন দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও সন্ধ্যার পর তা বিক্রি হতে থাকে ১৩০ টাকায়।

তবে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন সংস্থার হিসাব অনুযায়ী, গতকাল রাজধানীতে ১৫০ টাকা পর্যন্ত দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সারা দিনই দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। উত্তরার হাজীক্যাম্প বাজারে সন্ধ্যায় ক্রেতাদের দেশি পেঁয়াজ কিনতে হয়েছে ১৫০ টাকায়। আর বিভিন্ন বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১৩০ টাকায়।

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা আলী হোসেন সন্ধ্যায় ভারতীয় পেঁয়াজ বিক্রি করছিলেন ১১০ টাকায়। তার কাছে কোনো দেশি পেঁয়াজ ছিল না। এত বেশি দাম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নিজেরই কিনা আছে ১০৮ টাকা। সবগুলান বেইচ্চা যামু। সে জন্যই ১১০ টাকা চাইতাছি।’

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বাজারে খুবই কম। অনেক ক্ষেত্রে যেসব দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে, তার একটি বড় অংশই আধা নষ্ট। অনেক পেঁয়াজই খোসা ছাড়ানো ছিল। ভারতীয় পেঁয়াজেরও একই অবস্থা। তবে দেশি পেঁয়াজের চেয়ে তা ছিল দেখতে কিছুটা ভালো।

টানা চার মাস ধরে বাড়তে থাকা পেঁয়াজের দাম গেল নভেম্বর মাসের শেষ সপ্তাহে কমতে শুরু করেছিল। ওই সময় রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়। কিন্তু সে সময় ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ দুই ধরনের পেঁয়াজের দামই বাড়িয়ে দেয়। দুই দিনের ব্যবধানে গত ১ ডিসেম্বর বাজারে দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হয়। এর পর থেকে প্রতিদিনই অবরোধ চলছে, আর প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে।

গত ২৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচি চলছে। মাঝখানে কেবল দুটি শুক্রবার অবরোধের আওতামুক্ত ছিল।

রাজধানীতে পেঁয়াজ-রসুন-আদার বড় পাইকারি বাজার শ্যামবাজারের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ভারতে পেঁয়াজের দাম বেশ কমে গেছে। এরই মধ্যে দেশে নতুন (মুড়িকাটা) পেঁয়াজও উঠতে শুরু করেছে। এসবের প্রভাবে দুই ধরনের পেঁয়াজেরই দাম কমে এসেছিল। কিন্তু টানা অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় পেঁয়াজ আসতে পারছে না। স্থলবন্দরগুলোতেও আটকে আছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ।

পুরো শ্যামবাজারেই এখন দেশি ও ভারতীয় পেঁয়াজের পরিমাণ খুবই কম। অবশ্য অবরোধ না থাকায় গত শুক্রবার রাতে কয়েক গাড়ি পেঁয়াজ শ্যামবাজারে এসেছে। একজন আমদানিকারক জানিয়েছেন, হিলি থেকে ঢাকায় পেঁয়াজ এনেছেন ৫০ হাজার টাকা ট্রাকভাড়ায়। শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ এবং ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকায় পাইকারিতে বিক্রি হয়েছে।

পেঁয়াজ-রসুন-আদার আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ভারতের পেঁয়াজ উৎপাদনকারী সবচেয়ে বড় অঞ্চল নাসিকের পেঁয়াজ এরই মধ্যে উঠেছে। ওই পেঁয়াজ আমদানি করে ঢাকায় আনতে আমদানিকারকদের খরচ পড়ছে মাত্র ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু তা ঢাকায় আনা যাচ্ছে না। অনেক পেঁয়াজই বন্দরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণে অনেকেই এখন আমদানিও করছেন না।

শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের পরিচালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, অবরোধ-হরতাল না হলে এসব পেঁয়াজ ঢাকায় আসতে শুরু করবে। আর এগুলো আসতে পারলেই পেঁয়াজের দাম একদম কমে যাবে।