পেঁয়াজের ঝাঁজ আরও ছড়াচ্ছে
মাস দুয়েক ধরেই দেশে পেঁয়াজ নিয়ে ভোগান্তিতে আছেন ক্রেতারা। সেই ভোগান্তি যেন আরও বাড়িয়ে দিল পাশের দেশ ভারতের একটি সিদ্ধান্ত। রপ্তানির লাগাম টেনে ধরতে সে দেশের সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে।
আগে ভারত থেকে প্রতি টন পেঁয়াজ আমদানি করা যেত ৬৫০ ডলারে, এখন থেকে আমদানি করতে গুনতে হবে ৯০০ ডলার।
বাজার ঘুরে দেখা গেছে, গতকাল শনিবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৯০ আর দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
যোগাযোগ করা হলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বাড়লে বাংলাদেশে এর প্রভাব কিছুটা পড়তেই পারে। তবে বাংলাদেশে দাম এখনো ভারতের তুলনায় কম আছে।
বাণিজ্যসচিব বলেন, ‘ভারতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, অক্টোবরের প্রথম সপ্তাহে চেন্নাইয়ে নতুন পেঁয়াজ উঠবে। আর তখন স্বাভাবিকভাবেই কমে যাবে পেঁয়াজের দাম।’ মিয়ানমার, পাকিস্তান ও চীন থেকে সম্প্রতি পেঁয়াজ আমদানি হয়েছে উল্লেখ করে সচিব বলেন, ভারতের বিকল্প উৎস হিসেবে এই তিন দেশকে সব সময়ের জন্যই ভাবা যেতে পারে।
এর আগে গত ১৪ আগস্ট পেঁয়াজের রপ্তানি মূল্য ৬৫০ ডলার বেঁধে দিয়েছিল ভারত সরকার। দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় রপ্তানি মূল্য বাড়াল ভারত।
এর প্রভাবে দেশের অনেক আমদানিকারকই নতুন করে পেঁয়াজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলেননি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এরই মধ্যে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। আগে আমদানি করা পেঁয়াজবাহী বেশ কয়েকটি ট্রাক ভারতের সীমান্তে পড়ে আছে। ৬৫০ ডলারে আমদানি হওয়া সেই সব ট্রাক ৯০০ ডলারের নিচে ছাড়ছেন না সে দেশের কাস্টমস কর্মকর্তারা।
ভারতীয় গণমাধ্যম হিন্দু বিজনেস লাইনের খবরে বলা হয়েছে, রপ্তানি কমানোর কৌশল হিসেবে ভারত সরকার গত বৃহস্পতিবার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৯০০ ডলার করেছে। এ বিষয়ে ওই দিন ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) একটি প্রজ্ঞাপন জারি করে। ভারতে পেঁয়াজের দাম অব্যাহতভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে সে দেশের সরকার এমন সিদ্ধান্ত নেয়।
গণমাধ্যমটি বলছে, রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার মধ্য দিয়ে পেঁয়াজের রপ্তানি কমানোর ক্ষেত্রে সফল হয়েছে ভারত সরকার। প্রথমবার রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার পর আগস্ট মাসে দেশটি থেকে পেঁয়াজ রপ্তানি হয় ২৯ হাজার ২৪৭ টন। জুলাই মাসে যেখানে দেশটি থেকে এক লাখ ৫৬ হাজার টন পেঁয়াজ রপ্তানি হয়েছিল।
তবে এসব পদক্ষেপ নেওয়ার পরও দেশটির বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি ভারত সরকার। সাময়িকভাবে পেঁয়াজের দাম কিছুটা কমে গেলেও পরবর্তী সময়ে আবারও পেঁয়াজের কেজি গিয়ে ঠেকে ৮০ রুপিতে।
ভারত সরকারের রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার প্রভাবে পেঁয়াজের জন্য দেশটির ওপর নির্ভরশীল বাংলাদেশের পেঁয়াজের বাজার বেশ অস্থির হয়ে ওঠে। বর্তমানে এ দেশের কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
শ্যামবাজারের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, দেশের পেঁয়াজের চাহিদার ৫০ থেকে ৬০ শতাংশই মেটানো হয় ভারত থেকে আমদানি করে।
শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপর নির্ভরশীল। সে কারণে ভারতে না কমা পর্যন্ত দেশেও দাম কমবে না।’
ভারত থেকে এ দেশে বেশি পেঁয়াজ আমদানি হয় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে। এই বন্দর দিয়ে গতকাল পেঁয়াজবাহী নয়টি ট্রাক দেশে ঢুকেছে। বৃহস্পতিবার পেঁয়াজ এসেছিল ১৯ ট্রাক।
বন্দরের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার ও গতকাল আসা পেঁয়াজগুলো টনপ্রতি ৬৫০ ডলারে আমদানি হওয়া। ৯০০ ডলারের কোনো পেঁয়াজ এখনো আসেনি।
ভোমরা বন্দরকেন্দ্রিক আমদানিকারক আবদুল মোমেন খান চৌধুরী প্রথম আলোকে জানান, এখানকার কোনো আমদানিকারকই ৯০০ ডলারে কোনো ঋণপত্র খোলেননি।
এই বন্দরকেন্দ্রিক আমদানিকারক তোজাম্মেল হক ও মোবারক হোসেনের অভিযোগ, ৬৫০ ডলারে কেনা পেঁয়াজবাহী ট্রাক শুক্রবার সকালে এই বন্দর দিয়ে দেশে ঢুকতে গেলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বাধা দিয়েছেন। কারণ, রপ্তানি মূল্য বাড়ানোয় আগের মূল্যের পরিবর্তে বর্তমান মূল্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে। ফলে ঋণপত্র খোলার পরও সীমান্তের ওপারে ২০ থেকে ২৫টি ট্রাক আটকা পড়ে আছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি (সাতক্ষীরা) এবং হাকিমপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম]