সেঞ্চুরি করা পেঁয়াজের দাম কমে আড়াই মাসের মাথায় অর্ধেকের কাছাকাছি এসেছে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঝাঁজ কমে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের সবজি প্রচুর পরিমাণে আসতে শুরু করায় ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের দাম কিছু কমেছে। তবে নতুন আলু সাধারণের নাগালের বাইরে, প্রতি কেজি ৮০-১০০ টাকা। পুরোনো আলুর দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়ে হয়েছে ৩০ টাকা। কমেছে ব্রয়লার মুরগির দামও। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজার ও নারিন্দা কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
গত আগস্টের শেষ দিকে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য এক ধাক্কায় ২৭৫ মার্কিন ডলার বা ১৭ হাজার ৮৭৫ রুপি বৃদ্ধি করে ভারত সরকার। এতে ভারত থেকে প্রতি টন পেঁয়াজ আমদানির মূল্য বেড়ে ৭০০ ডলার বা ৪৫ হাজার ৫৫০ রুপি হয়। রাতারাতি দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। প্রতি কেজি পেঁয়াজের দাম গিয়ে ঠেকে ১০০ টাকায়। এই ঝাঁজ দুশ্চিন্তায় ফেলে সাধারণ মানুষকে। দাম কমাতে সরকার নিজেই ২০০ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।
পেঁয়াজের ঝাঁজ কমছে—এই তথ্যটি স্বস্তিদায়ক হলেও খুচরা ও পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দামে এখনো বিস্তর ফারাক। ঢাকার বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল দেশি পেঁয়াজের কেজি ৩৫-৩৬, ভারতীয় পেঁয়াজ ৩০-৩২ ও মিসরের পেঁয়াজ বিক্রি হয় ২৮ টাকা দরে। তবে এই দেশি পেঁয়াজই কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে গিয়ে হয়ে যাচ্ছে ৫৫-৬০ টাকা কেজি। অর্থাৎ পাইকারি ও খুচরা বাজারের মধ্যে তফাত ২০ থেকে ২৫ টাকা। খুচরা বাজারের বিক্রেতারা বিদেশি পেঁয়াজের দাম চাইছেন ৪০-৫০ টাকা কেজি। একটু দরদাম করলে কিংবা খোঁজাখুঁজি করলে দেশি পেঁয়াজ ৫৫ ও বিদেশি পেঁয়াজ ৪০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।
জানতে চাইলে শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক ও পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ভারতীয় পেঁয়াজ অনেক সহজলভ্য হয়ে গেছে। তাই পেঁয়াজের দাম কমছে। এ ছাড়া ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশি মুড়িকাটা পেঁয়াজ উঠবে। ফলে সামনে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করেন তিনি।
কারওয়ান বাজারে এক সপ্তাহ আগেও শীতকালীন সবজি শিমের কেজি ছিল ৬০ টাকা। তবে গতকাল বিক্রি হয় ৪০ টাকায়। ৫০ টাকা কেজির করলা ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। মুলা ছিল ৪০ টাকা কেজি। এখন ১০ থেকে ২০ টাকা কেজি। বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও এখন ২০-৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট আকারের কপি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।
কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতি রাতেই শীতের সবজি নিয়ে প্রচুর ট্রাক কারওয়ান বাজারে আসছে। সে জন্যই সব ধরনের সবজির দাম কমে গেছে। সামনে আরও দাম কমবে।’
নারিন্দা ও কারওয়ান বাজারের কাঁচাবাজারের তুলনা করলে কিছু সবজির দামে অনেক হেরফের পাওয়া গেছে। যেমন নারিন্দায় পটোল ৪০ ও পেঁপে ৩০ টাকা হলেও কারওয়ান বাজারে দুটি সবজিই ২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দুই বাজারেই বরবটি ৪০, কাঁচামরিচ ৮০, লম্বা ও গোল বেগুন ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে গতকাল ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩২ ও হাঁসের ডিম হালি ৪০ টাকায় বিক্রি হয়। ব্রয়লার মুরগির মাংসের কেজি ১১৫-১২০ টাকা। গত সপ্তাহে ছিল ১২৫-১৩৫ টাকা।
মাছের বাজার: কারওয়ান বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জোড়া ৬০০ থেকে ১ হাজার, ছোট আকারের রুই মাছের কেজি ১৬০, চিংড়ি ৪০০, মাঝারি আকারের তেলাপিয়া ১০০-১৩০ ও পাঙাশ মাছ ১২০ টাকা কেজি করে চাইছেন বিক্রেতারা। নারিন্দা বাজারের বিক্রেতাদের বড় আকারের রুই ২৯০ টাকা কেজি, কাতল ২০০, আইড় ৩৫০, রুপচাঁদা মাছের কেজি ৫৫০ টাকা হাঁকতে দেখা যায়।