পেঁয়াজের দাম আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আবার বেড়েছে। চালের চড়া দাম অব্যাহত রয়েছে। শাকসবজির দামও আগের মতোই। ইলিশের সরবরাহ বাড়লেও দামে প্রভাব পড়ছে না।

শেওড়াপাড়া, কাজীপাড়া, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে গতকাল শুক্রবার ভোক্তাদের জন্য সুখবর না থাকার এ চিত্র দেখা গেছে। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, আদা ও চিনির দাম কিছুটা কমেছে।

কারওয়ান বাজারের কাঁচাবাজারে ঢোকার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের টানানো বাজারদরের তালিকা চোখে পড়ল। তালিকায় রয়েছে, দেশি পেঁয়াজের খুচরা দর প্রতি কেজি ৬০ আর ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা। তবে ভেতরে ঢুকে বেশির ভাগ দোকানে ভারতীয় পেঁয়াজ দেখা যায়নি। পরে দু-তিনটি দোকানে ভারতীয় পেঁয়াজ দেখা গেলেও সিটি করপোরেশনের তালিকার দামের সঙ্গে পার্থক্য অনেক। বিক্রেতারা প্রতি কেজির দাম হাঁকছেন ৮০ থেকে ৮৫ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে উভয় ধরনের পেঁয়াজেই পাঁচ থেকে ১৫ টাকা দাম বেড়েছে।

জানতে চাইলে শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী প্রদেশ পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম আবার বেড়েছে। তাই দামে পোষাচ্ছে না বলে শ্যামবাজারের ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ রেখেছেন।’ তিনি জানান, দেশি পেঁয়াজের মজুত ভালো থাকায় দাম আর বৃদ্ধির আশঙ্কা নেই।

কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকা, শিম ৬০, কাঁকরোল ৩০, বেগুন ৬০, শসা ৫০, পেঁপে ১০, আলু ১২ থেকে ১৫, করলা ২৮ থেকে ৩০, পটোল ২৫, কচুর মুখী ১৫, কাঁচকলার হালি ২০, ঝিঙা ২০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। ফার্মের ডিমের হালি ৩২ ও হাঁসের ডিম ৪২ টাকা হালি বিক্রি হয়। আগের সপ্তাহেও দাম একই রকম ছিল।

ঈদের পর বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়ে যায়। ওই দাম এখনো কমেনি। কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি মিনিকেট ৪৬-৪৭, পাইজাম ৩৬, নাজিরশাইল ৫২-৫৫, স্বর্ণা ৩৫ এবং ব্রি-২৮ জাতের চাল ৩৮ টাকায় বিক্রি হয়।

চাল ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ বলেন, ‘অনেকের কাছে শুনেছি, চালকল থেকে পাইকাররা এখন বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা কমে চাল কিনছেন। তবে এখনো আমরা কম দামে কিনতে পারছি না।’ তাঁর আশা, শিগগিরই চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত কমতে পারে।

শেওড়াপাড়া বাজারে সকালে গিয়ে দেখা যায়, প্রচুর ইলিশ মাছ নিয়ে বসেছেন মাছ ব্যবসায়ীরা। তবে দাম এখনো বেশি। ৩০০ টাকার নিচে কোনো ইলিশ মাছ নেই। মাঝারি আকারের এক জোড়া ইলিশ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ এবং বড় আকারের ইলিশ (এক কেজির ওপরে) এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় জোড়া বিক্রি হচ্ছে।