পেঁয়াজের দাম কমছে টিসিবি বিক্রি করছে ৪৭ টাকায়
চট্টগ্রামের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গতকাল রোববার নগরের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা দোকানে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে। এদিকে, টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে ৪৭ টাকা কেজি দরে।
দাম আরও কমার ব্যাপারে অনিশ্চয়তা কাটেনি। কারণ, ভারত থেকে পেঁয়াজের আমদানি এখনো স্বাভাবিক হয়নি। আগের কেনা পেঁয়াজই বিক্রি হচ্ছে সবখানে।
এ ব্যাপারে চট্টগ্রাম নগরের চাক্তাই শাহ আমানত স্টোরের মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দামে পেঁয়াজ কিনে বিক্রি করতে গেলে আমাদের লোকসান গোনা ছাড়া উপায় থাকবে না। এ সময়ে আমাদের এখানে পেঁয়াজের চাহিদা বেশি থাকায় তারাও বেশি দাম দাবি করে।’
গতকাল নগরের চাক্তাই, রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে আমদানি করা পেঁয়াজের দাম রাখা হয় ৫৫-৫৬ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২-৫৪ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৫৬-৫৭ টাকা কেজি দরে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬৫ টাকা কেজিতে।
গত শনিবার থেকে টিসিবি খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে। প্রতি কেজির দাম ধরা হচ্ছে ৪৭ টাকা।
টিসিবি সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। পাশাপাশি ৭০ টাকা কেজি দরে মসুর ডাল, ৪৩ টাকা করে চিনি এবং সয়াবিন তেল পেট বোতল ১২১ টাকা।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা কাজী মো. ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা এ পর্যন্ত মাত্র পাঁচ টন পেঁয়াজ পেয়েছি। পাঁচটি ট্রাকে করে নগরের বিভিন্ন জায়গায় খাদ্যপণ্য বিক্রি করা হবে।’